নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরে ১৯৭১ সালের ২১ এপ্রিল শ্রীধাম শ্রী অঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত আট সাধুর স্মরণে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের গোয়ালচামটে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড শেখ আশরাফ উদ্দিন তারার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। এছাড়া সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ওই দিনে কীর্তনরত অবস্থায় বিনা উস্কানিতে পাকিস্তানি বাহিনী আটজন সাধুকে হত্যা করে। তারা এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে নিহতদের শহীদ মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মোংলা বেইজে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তি (৩৫) বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বনদস্যু বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। কোস্ট গার্ডের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে রামপালের শুকদারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বাড়িবন ডাঙ্গাপাড়ায় নাঈম (২৫) নামে এক যুবক নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ওই ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।