পবিত্র রমজান শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও কালীগঞ্জের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে চরম উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে।
উপজেলার কালীগঞ্জ বাজার, জামালপুর বাসাইর, নাগরী, আওড়াখালী ও নরুনবাজার ঘুরে দেখা যায়—খেজুর, তরমুজ, শসা ও লেবুসহ রমজান সংশ্লিষ্ট পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে কার্যকর তদারকি ও মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।
স্থানীয়দের প্রশ্ন, রমজান এলেই কেন প্রতি বছর একই পরিস্থিতি তৈরি হয়। নতুন সরকারের প্রতি তাদের দাবি, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে। খাদ্য সরবরাহ ও মজুদের বিষয় নজরদারিতে রয়েছে এবং খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও নিয়মিত মনিটরিং শুরু হবে।
জামালপুর জেলায় সবজি চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে জলবায়ু সহিষ্ণু মালচিং প্রযুক্তি। আধুনিক এই পদ্ধতিতে চাষ করে কম খরচে বেশি ফলন পাওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। মালচিং পদ্ধতিতে জমির উপর বিশেষ মালচিং পেপার বিছিয়ে চাষ করা হয়। এটি মাটির আর্দ্রতা ধরে রাখে, আগাছা দমন করে এবং সার ও পানির ব্যবহার সঠিকভাবে নিশ্চিত করে। ফলে কমে যায় সেচ ও বালাইনাশকের খরচ, বাড়ে ফলন। জামালপুর সদর উপজেলার কৃষক নূর সালাম প্রথমবারের মতো ১০ শতাংশ জমিতে টমেটো চাষ করে সাফল্য অর্জন করেছেন। তিনি জানান, মালচিং প্রযুক্তি ব্যবহার করে গত দুই বছরে ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম খরচে বেশি লাভ পাওয়ায় তিনি এখন আত্মবিশ্বাসী, আর আশেপাশের কৃষকরাও তার ক্ষেত দেখে উৎসাহিত হচ্ছেন। বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মালচিং প্রযুক্তি টেকসই সমাধান হতে পারে। এতে উৎপাদন খরচ কমে, মাটির স্বাস্থ্যও ভালো থাকে।” মালচিং পদ্ধতির ব্যবহার জামালপুরে কৃষি চিত্র পরিবর্তন করছে এবং অনেক কৃষকের মুখে এখন ফুটেছে স্বস্তির হাসি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (২৫) আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া–বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহেল সড়ক পারাপারের সময় বাংলাবান্ধাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, এ ঘটনায় হাইওয়ে আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচন শেষে ৭২ ঘণ্টা পর কলারোয়া উপজেলা বিএনপি ভোটে অনিয়ম, প্রশাসনিক পক্ষপাত ও দুর্নীতির অভিযোগ তুলেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন। তিনি বলেন, “আমাদের প্রার্থী প্রকৃতপক্ষে বিজয়ী হয়েছিলেন। কিন্তু পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে ফলাফলে অন্যের নাম দেখানো হয়েছে।” উপজেলা বিএনপি অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে বোরকা পরে অপ্রাপ্তবয়স্কদের ভোট, ফলাফল ঘোষণা না করা, ভোটারদের ফিরে যাওয়া, প্রিজাইডিং কর্মকর্তাদের পক্ষপাত, নির্বাচনের আগের রাতে নেতাদের অবৈধ প্রবেশ এবং আনসার সদস্যদের নির্দিষ্ট প্রার্থীর পক্ষে সক্রিয় হওয়ার ঘটনা। সংবাদ সম্মেলনে তারা নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন এবং জেলা রিটার্নিং কর্মকর্তার অপসারণের দাবি জানান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, এবং অন্যান্য দলীয় নেতারা।