বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী গ্রামে ২ কিলোমিটার দীর্ঘ ইরাবুনিয়া খাল পুনঃখনন না হওয়ায় স্থানীয় শতাধিক কৃষকের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খালের পলি জমে ভরাট হওয়ার কারণে পানি চলাচল বন্ধ, যার ফলে কৃষকরা পানির অভাবে গোসল, রান্না এবং ফসল চাষের কাজেও ভোগান্তির মুখোমুখি হচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, খালের দুই প্রান্তে কয়েকটি অংশ দখল করে রাখা হয়েছে। একটি অংশে প্রভাবশালী স্থানীয়রা মাছ চাষ করছেন, আর ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির আহম্মেদ পল্টু অন্য একটি অংশ দখল করে মাছ চাষ করে আসছেন। ফলে খালের পানি চলাচল আরও সীমিত হচ্ছে।
স্থানীয় কৃষকরা উর্দ্ধতন প্রশাসনের নিকট খালটি পুনঃখননের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, খাল খনন করলে প্রায় ২০০ হেক্টর জমির ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং তিন ফসলি চাষ সম্ভব হয়ে অর্থনৈতিক উন্নতি হবে।
৪নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য কবির আহম্মেদ পল্টু বলেন, তার বিরুদ্ধে আনিত খাল দখলের অভিযোগ সঠিক নয়। ভরাট খালের কারণে তিনি খাদ্যের জন্য সামান্য মাছ রেখেছিলেন এবং এটি বানিজ্যিক উদ্দেশ্য নয়। খাল পুনঃখনন হলে তা পুরো গ্রামের কৃষকের জন্য উপকারে আসবে।
কাপ্তাই হ্রদের মাছের প্রজনন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ২৫ এপ্রিল ২০২৬ থেকে সকল ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে ২০ এপ্রিল অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন এবং হ্রদের জীববৈচিত্র্য রক্ষায় এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নিষেধাজ্ঞাকালে হ্রদে মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ, শুকানো ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আদেশ অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা কার্যকর থাকলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এ সময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, প্রজনন মৌসুমে এ ধরনের নিষেধাজ্ঞা নিয়মিতভাবে দেওয়া হলেও এ বছর পানির স্তর ও প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনায় সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।
ফরিদপুরে ১৯৭১ সালের ২১ এপ্রিল শ্রীধাম শ্রী অঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত আট সাধুর স্মরণে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের গোয়ালচামটে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড শেখ আশরাফ উদ্দিন তারার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। এছাড়া সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ওই দিনে কীর্তনরত অবস্থায় বিনা উস্কানিতে পাকিস্তানি বাহিনী আটজন সাধুকে হত্যা করে। তারা এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে নিহতদের শহীদ মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মোংলা বেইজে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তি (৩৫) বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বনদস্যু বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। কোস্ট গার্ডের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে রামপালের শুকদারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।