রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত গত ৯ এপ্রিল ওই এলাকায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করলেও পরদিনই হকাররা পুনরায় বসে পড়ে, যা নিয়ে উত্তেজনা তৈরি হয়।
পরবর্তীতে বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাইকোর্টের রায় বাস্তবায়নসহ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অবসর গ্রহণের পর চরম আর্থিক সংকটে পড়ছেন। অবসর ভাতা ও কল্যাণ ভাতা সময়মতো না পাওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছেন, এমনকি বিলম্বজনিত কারণে মৃত্যুর ঘটনাও ঘটছে। তারা অভিযোগ করেন, চাকরিরত অবস্থায় বেতন থেকে ১০ শতাংশ হারে কল্যাণ তহবিলে অর্থ কর্তন করা হলেও গত কয়েক বছর ধরে তা পরিশোধ বন্ধ রয়েছে। দাবি আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বরিশাল সিটি কলেজে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শেষ হয়।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের পাঁচমাথা, শামসুল হক রোড, বাস টার্মিনাল ও ক্যান্ট বাজারসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করা হয়। জরুরি পরিষেবা ছাড়া সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সংযমী হতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়। অভিযানের আগে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। প্রশাসন জানায়, অধিকাংশ ব্যবসায়ী নির্দেশনা মেনে দোকান বন্ধ রেখে সহযোগিতা করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলায় সমন্বয় সভা আয়োজন করে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সভায় দস্যুতা দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ ও পর্যটকসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ নৌবাহিনী, বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মৎস্য ও বন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ট্যুর অপারেটর, রিসোর্ট মালিক, মৎস্য ব্যবসায়ী ও মাঝি-মাল্লারা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তে সুন্দরবনে দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথে অবৈধ অস্ত্র ও মানব পাচার প্রতিরোধ, পর্যটকবাহী জাহাজ ও রিসোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান বন্ধ ও ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও দস্যুতা দমন কার্যক্রম ভবিষ্যতেও সমন্বিতভাবে অব্যাহত থাকবে।