৩৮ লাখ টাকার আত্মসাৎ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে এবং আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের ‘ইনভেস্টর গ্রুপ’-এর মাধ্যমে ভুক্তভোগী মো. শাকিরুল ইসলাম হিমেলের সঙ্গে পরিচয়ের পর মাহি চৌধুরী নিজেকে ব্যবসায় অংশীদার পরিচয় দিয়ে বিনিয়োগের প্রলোভন দেখান। পরে বিভিন্ন সময়ে ব্যাংক ও নগদে ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা গ্রহণ করেন।
অভিযোগ অনুযায়ী, অর্থ ফেরত না দিয়ে তিনি আত্মগোপন করেন এবং টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেন। মামলায় মাহি চৌধুরীসহ তিনজনকে আসামি করা হয়েছে।
এর আগে ২৮ মার্চ তাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বরিশাল মহানগরীতে দীর্ঘদিনের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগরীর ফুটপাত, প্রধান সড়ক, পার্ক ও বিনোদনস্থল থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। সিটি করপোরেশন জানায়, উচ্ছেদের আগে সাত দিন সময় দিয়ে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এরপরও যেসব দখলদার সরেননি, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ সব এলাকা দখলমুক্ত করা হবে এবং ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরবাসীর স্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে এবং কোনোভাবেই ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। এর আগে নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন দায়িত্ব নেওয়ার পর নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন বলে জানিয়েছে সিটি করপোরেশন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পুরাতন ডাকবাংলো ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমন শেখ। বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত নয়; বরং ভবিষ্যৎ পথচলার সূচনা। লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং তাদের সফলতা কামনায় দোয়া করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল ও বড় ড্রেন পরিষ্কার এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলিম মোড় সংলগ্ন এলাকায় বড় ড্রেন পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে বাস্তবায়ন করছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহরজুড়ে প্রায় এক হাজার গাছ রোপণের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।