রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের মিশ্র ব্যবস্থা চালু করা হয়েছে, যা ডিজিটাল শিক্ষার পাইলট প্রকল্প হিসেবে দেখা হচ্ছে।
রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষকরা নির্ধারিত শ্রেণিকক্ষ থেকে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান করেন, আর শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনে অংশগ্রহণ করে।
শিক্ষা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে অনলাইন এবং বাকি দিনগুলোতে সশরীরে ক্লাস পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে কলেজ শাখায় এই ব্যবস্থা চালু হলেও পর্যায়ক্রমে স্কুল পর্যায়েও তা সম্প্রসারণের সিদ্ধান্ত রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডিজিটাল শিক্ষা কাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই এই পাইলট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফলতা মূল্যায়নের পর এটি জাতীয় পর্যায়ে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
বরিশাল মহানগরীতে দীর্ঘদিনের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগরীর ফুটপাত, প্রধান সড়ক, পার্ক ও বিনোদনস্থল থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। সিটি করপোরেশন জানায়, উচ্ছেদের আগে সাত দিন সময় দিয়ে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এরপরও যেসব দখলদার সরেননি, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ সব এলাকা দখলমুক্ত করা হবে এবং ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরবাসীর স্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে এবং কোনোভাবেই ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। এর আগে নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন দায়িত্ব নেওয়ার পর নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন বলে জানিয়েছে সিটি করপোরেশন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পুরাতন ডাকবাংলো ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমন শেখ। বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত নয়; বরং ভবিষ্যৎ পথচলার সূচনা। লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং তাদের সফলতা কামনায় দোয়া করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল ও বড় ড্রেন পরিষ্কার এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলিম মোড় সংলগ্ন এলাকায় বড় ড্রেন পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে বাস্তবায়ন করছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহরজুড়ে প্রায় এক হাজার গাছ রোপণের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।