সাতক্ষীরার বিনেরপোতা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়ে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গেস্ট হাউস ব্যবহার ও অফিস পরিচালনায় অননুমোদিত হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শরিফুল ইসলাম ব্রির কোনো কর্মকর্তা বা কর্মচারী নন।
সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ব্রি ক্যাম্পাসের গেস্ট হাউসে বসবাস করছেন, অথচ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরাও সর্বোচ্চ সাত দিনের বেশি থাকতে পারেন না। অভিযোগে বলা হয়েছে, তিনি অফিসের প্রশাসনিক ও দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করছেন, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হুমকি-ভয় দেখাচ্ছেন এবং অশালীন ভাষায় কথা বলছেন। এছাড়া সরকারি ক্রয়বিধি উপেক্ষা করে এককভাবে প্রভাব খাটানো, মোটরসাইকেলে অফিস লোগো ব্যবহার ও প্রদর্শনী জমি ব্যক্তিগতভাবে ব্যবহার করার অভিযোগও উঠেছে।
শরিফুল ইসলাম অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি শুধু দীর্ঘদিন ধরে ব্রির সঙ্গে যুক্ত এবং কোনো ক্ষমতা বা সিদ্ধান্ত নেন না। গেস্ট হাউস ব্যবহারে তার অবস্থান সাময়িক এবং মোটরসাইকেলের স্টিকার তার নিজস্ব নয়।
ব্রি সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো: সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, অভিযুক্ত ব্যক্তির ক্যাম্পাসে যাতায়াত নতুন নয় এবং ২০১৬ সাল থেকে চলমান। তিনি বিস্তারিত তথ্য জানার জন্য আগ্রহীদের কার্যালয়ে এসে কথা বলার আমন্ত্রণ জানিয়েছেন।
বাগেরহাটের ফকিরহাটে মটরসাইকেল চালক মোঃ ইয়াছিন শেখ (৫৫) যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। দুর্ঘটনা ঘটে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায়। ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আঃ বারির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি তেল নিতে পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশের সময় খুলনাগামী বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে মৃত্যু হয়। মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়, আর বাসটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। একইদিন, পিলজংগ এলাকায় ক্রেনের গাড়ি উল্টে ইসরাফিল শেখ (২৭) আহত হয়েছেন। এছাড়া শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহীও আহত হয়েছেন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আবুল সরকারের স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানার জন্য রুলও জারি করেছেন। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরের এক সঙ্গীত আসর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঘিওর থানায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। আবুল সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানিকগঞ্জের একটি মেলায় পরিবেশিত গানে আল্লাহকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছিলেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে উত্তীর্ণ হওয়ার পরও চাকরি থেকে বঞ্চিত হওয়া প্রার্থী মোঃ আব্দুল হালিম রবিবার (৫ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগ অনুযায়ী, আব্দুল হালিম শারীরিক ফিটনেস ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু নিয়োগপত্র পাওয়ার জন্য ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার অফিসের মুদ্রাক্ষরিক ও সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ লাখ টাকা দাবী করেন। তিনি দাবীকৃত টাকা দিতে না পারায় চাকরিতে নিয়োগ পাননি। ভুক্তভোগী দাবি করেন, তার মামা-খালুর অনুপস্থিতি ও অর্থ প্রদান না করার কারণে চূড়ান্তভাবে মনোনীত হলেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত ও দ্রুত নিয়োগ প্রদানের দাবি জানান। চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল হালিমকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল, তবে তিনি নিয়োগপত্র পাওয়ার জন্য হাজির হননি। উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি।