সুন্দরবনে অবৈধ শিকারের জন্য পাতা ফাঁদে আটকা পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ে উদ্ধার অভিযান পরিচালিত হয়।
বন বিভাগের বিশেষজ্ঞ দল, ঢাকা থেকে আনা ভেটেরিনারি সার্জনসহ, দীর্ঘ সতর্ক অভিযান চালিয়ে ট্যাংকুলাইজারের মাধ্যমে বাঘটিকে অচেতন করে বিশেষ খাঁচায় আটক করে খুলনার চিকিৎসার জন্য নিয়ে যায়। খুলনায় বাঘটির শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবীর জানান, অবৈধ ফাঁদে আটকা পড়ার খবর পেয়ে তৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবৈধ শিকার ও ফাঁদ পাতার কারণে সুন্দরবনের প্রাণীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং আরও কঠোর নজরদারি প্রয়োজন।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে জামালপুর পৌর শহরের বাইপাস এলাকায় জমকালো আলোকসজ্জার মধ্যেই চলছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে শুরু হওয়া এ মেলায় প্রায় ৯০টি স্টল নিয়ে বিভিন্ন জেলার উদ্যোক্তারা অংশ নিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, মেলায় নাগরদোলা, নৌকা রাইডসহ বিভিন্ন বিনোদন চালু রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে। স্থানীয়দের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি নির্দেশনা থাকলেও মেলায় আলোকসজ্জা ও কার্যক্রম বন্ধ না হওয়ায় তারা পরিবার নিয়ে ঘুরতে আসছেন। তবে সচেতন মহল বলছে, এভাবে নির্দেশনা অমান্য করা ঠিক নয় এবং সবাইকে নিয়ম মেনে চলা উচিত। এ বিষয়ে বিসিকের সহকারী পরিচালক সম্রাট আকবর জানান, মেলার অনুমতি জেলা প্রশাসনের কাছ থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন তার জানা নেই। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শেরপুরের নালিতাবাড়ীর হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাইকাররা চরম ভোগান্তির মুখোমুখি হয়েছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা ও প্রশাসনের দুর্বল তদারকির কারণে এলাকায় সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা গেছে, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেন নিজ দায়িত্ব পালন না করে নিজেই তেল নিতে ব্যস্ত ছিলেন। এতে তেল সরবরাহ কার্যক্রমে কোনো শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ থাকলেও প্রবেশ ও বাহিরের পথে কার্যকর নিয়ন্ত্রণ ছিল না। ফলে দুই পাশ থেকে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে তেল সংগ্রহের পরও অনেক বাইকারকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। ভুক্তভোগীরা জানান, সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে এবং তেল নিতে আসা বাইকাররা বড় সমস্যা নিয়ে দাড়িয়ে থাকেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। অভিযানে সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি প্রত্নবস্তুটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। র্যাবের তথ্য অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) বিকেলে দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের মূল্যবান মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত আলামতও সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক সম্পদের অবৈধ পাচার রোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।