মোরেলগঞ্জ-শরণখোলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেছেন, ভিজিডি, ভিজিএফ ও পানির ট্যাঙ্কি হতদরিদ্রদের মাঝে আগে বিতরণ করতে হবে এবং বরাদ্দের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীঘ্রই মোরেলগঞ্জ-শরণখোলায় আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং চালু করা হবে। মৎস্য ঘেরের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, জমি যার ঘেরও তারই থাকবে, বহিরাগতরা আর এখানে দখল করতে পারবে না।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সভাপতিত্ব করেন। এতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রীন–ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন জামায়াত থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি ঈমানেরও অংশ। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।” তিনি নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দল হওয়াসহ জনবান্ধব সরকারও। সরকার জনগণের দাবী অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে শিল্প ও কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা দিয়েছেন। রংপুর অঞ্চলের খাদ্য উৎপাদন, সস্তা শ্রম ও আইন-শৃঙ্খলার অবস্থার কারণে অন্যান্য অঞ্চলের সমতুল্য উন্নয়ন নিশ্চিত হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। তিস্তা নদী প্রসঙ্গে তিনি বলেন, “আমি তিস্তাপাড়ের সন্তান। দুই কোটি মানুষের আশা পূরণের লক্ষ্যে তিস্তা নদীর শাসন, খনন এবং স্থানীয় মানুষের দাবি বাস্তবায়নের জন্য সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে। বিগত সরকার অর্ধেক প্রকল্প হাতে নিয়েছিল, আমরা তা প্রতিরোধ ও পূর্ণাঙ্গ সমাধান করব।” মন্ত্রী আরও বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগের চলমান প্রকল্প রংপুরে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। গণঅভ্যূত্থানে নিহত পুলিশ সদস্যদের পরিবার মামলা করতে পারবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। অন্যায় হলে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারে।” এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ অন্যান্য কর্মকর্তারা।
সরকারি সিদ্ধান্তে দেশের ছয় সিটি করপোরেশনে দায়িত্বে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানায়, নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব যথাক্রমে মো. আব্দুস সালাম ও মো. শফিকুল ইসলাম খানকে দেওয়া হয়েছে। খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরে যথাক্রমে নজরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম চৌধুরী, মো. সাখাওয়াত হোসেন খান ও মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশোধিত সিটি করপোরেশন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) ও (৩) অনুযায়ী তারা যথাযথ ভাতা সহ দায়িত্ব পালন করবেন। আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।