শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিফাত স্থানীয় মাহফুজুর রহমানের ছেলে এবং তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন বলে পরিবার জানিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল শেষে ভেজা শরীরে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন চার্জ দিতে গেলে শর্ট সার্কিটের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাশিরামপুর গ্রামে এক কম্পিউটার অপারেটর স্কুল শিক্ষক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম নয়ন মৃধা (৩৮), তিনি বদরতলা যাবদচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত মতে, সোমবার সকাল ৮টার দিকে নয়ন মৃধা তার ব্যক্তিগত মাছের ঘেরে পানি দেওয়ার জন্য স্যালো মেশিন চালু করেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেলে তিনি মটরের তার ঠিক করতে গেলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ ফিরে আসার কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। আশাশুনি থানার ওসি মো: শামীম আহমেদ খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ২নং রেলগেটের অপ্রশস্ততা দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টেশন সংলগ্ন হওয়ায় ট্রেনের ঘনঘন সান্টিং কার্যক্রমের ফলে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার গেট বন্ধ রাখতে হয়, এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ব্যাহত হচ্ছে জনসাধারণের স্বাভাবিক চলাচল। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে চার লাখ মানুষের বসবাস, যাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান পথ এই রেলগেট। বর্তমানে প্রায় ৩০ ফুট প্রশস্ত গেটটি সম্প্রসারণ করে অন্তত ৬০ ফুটে উন্নীত ও ওয়ানওয়ে ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, ইঞ্জিন সান্টিংয়ের সময় অসতর্কভাবে রেললাইনে প্রবেশ করা যানবাহন অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়, যা নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আরও প্রকট করে তুলেছে। স্থানীয় চিকিৎসক ওয়াসিম বারী জয় জানান, দ্রুত রেলগেট সম্প্রসারণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা রেলগেটটিকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে উল্লেখ করে দ্রুত সম্প্রসারণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে রেলওয়ে পূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা তহিদুল ইসলাম জানিয়েছেন, অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে গেটটি প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে, যা অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।
রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় পেড়িখালী বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মোতাহার আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতারা, যার মধ্যে ছিলেন শেখ আব্বাস আলী, আকবর হোসেন আকো, মো. কামাল হোসেন, তরফদার এনামুল হক প্রিন্স, মল্লিক জিয়াউল হক জিয়া এবং আরও অনেকে। নেতারা আগামী উপজেলা পরিষদসহ সকল স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাই ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও নারী অংশগ্রহণ করেন।