সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাশিরামপুর গ্রামে এক কম্পিউটার অপারেটর স্কুল শিক্ষক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম নয়ন মৃধা (৩৮), তিনি বদরতলা যাবদচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত মতে, সোমবার সকাল ৮টার দিকে নয়ন মৃধা তার ব্যক্তিগত মাছের ঘেরে পানি দেওয়ার জন্য স্যালো মেশিন চালু করেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেলে তিনি মটরের তার ঠিক করতে গেলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ ফিরে আসার কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
আশাশুনি থানার ওসি মো: শামীম আহমেদ খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলায় ডালিয়া–জলঢাকা সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ‘স্লুইচ গেট’ এলাকায় ২০-২৫ জনের ডাকাত দল পথরোধ করে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ৫০টি মোবাইল ফোন ও প্রায় ১০ লক্ষাধিক টাকা লুট করে। ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও যাত্রী ও চালকদের মারধর করে আহত করেছে। স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পুলিশ জানায়, নীলফামারী র্যাব-১৩ সিপিসি ২ এবং ডিমলা থানার যৌথ অভিযানে দক্ষিণ সোনাখুলি গ্রামের নুরল হকের ছেলে মালেক (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সোমবার (৩০ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত স্থানীয় মাহফুজুর রহমানের ছেলে এবং তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন বলে পরিবার জানিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল শেষে ভেজা শরীরে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন চার্জ দিতে গেলে শর্ট সার্কিটের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায় রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়টি পরিবারের বসতঘর ও মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, লিপি আক্তারের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলামের পরিবার সর্বস্ব হারায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম।