শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে তোলে এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
নীলফামারীর সৈয়দপুরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী পিঠা মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে বুধবার (১৫ এপ্রিল) মেলার দ্বিতীয় দিন সকাল থেকেই মানুষের ঢল নামে। ‘আমরা একসাথে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী এতে অংশ নিচ্ছেন। মেলায় প্রায় ৭০টি স্টলে দেশীয় ও আধুনিক নানা পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠার সমাহার রয়েছে। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিড়া ছাড়াও কেক, আচার ও হালকা খাবারের স্টলও রয়েছে। আয়োজকদের দাবি, মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। তারা জানান, পিঠা সংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের জন্য তালিকাভুক্ত লাইসেন্সিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টির পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নগর ব্যবস্থাপনায় নাগরিক ও সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফুটপাতে ব্যবসা করতে হলে এখন থেকে অনুমোদন ও আইনি প্রক্রিয়ার আওতায় আসতে হবে। একই সঙ্গে হকারদের জন্য নির্দিষ্ট স্থান ও গাইডলাইন নির্ধারণ করা হবে, যাতে অবৈধ দখল ও অগোছালো বাজার ব্যবস্থা বন্ধ করা যায়। ডিএসসিসি প্রশাসক আরও জানান, ফুটপাত দখলমুক্ত উদ্যোগ টেকসই করতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে জরিপ কার্যক্রম শুরু হবে। তিনি নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রাস্তায় বর্জ্য না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে, নইলে নগর ব্যবস্থাপনা টেকসই করা সম্ভব নয়।
ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ে এ কর্মসূচি উদ্বোধনের পর স্থানীয়ভাবে নাপিতের চর বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকারের অল্প সময়ের কার্যক্রমের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কৃষকসহ সব শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সার ও বীজ প্রাপ্তি সহজ করতে পর্যায়ক্রমে দেশের সব প্রকৃত কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে, যা কৃষি খাতে সুশাসন ও সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে। ভিডিও কনফারেন্সে স্থানীয় অংশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।