ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে এবং যৌথ বাহিনীকে অবহিত করে। যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধারকৃত গ্রেনেডগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।
বরিশাল মহানগরীতে দীর্ঘদিনের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগরীর ফুটপাত, প্রধান সড়ক, পার্ক ও বিনোদনস্থল থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। সিটি করপোরেশন জানায়, উচ্ছেদের আগে সাত দিন সময় দিয়ে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এরপরও যেসব দখলদার সরেননি, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ সব এলাকা দখলমুক্ত করা হবে এবং ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরবাসীর স্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে এবং কোনোভাবেই ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। এর আগে নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন দায়িত্ব নেওয়ার পর নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন বলে জানিয়েছে সিটি করপোরেশন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পুরাতন ডাকবাংলো ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমন শেখ। বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত নয়; বরং ভবিষ্যৎ পথচলার সূচনা। লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং তাদের সফলতা কামনায় দোয়া করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল ও বড় ড্রেন পরিষ্কার এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলিম মোড় সংলগ্ন এলাকায় বড় ড্রেন পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে বাস্তবায়ন করছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহরজুড়ে প্রায় এক হাজার গাছ রোপণের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।