সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় জনগোষ্ঠীর নিজস্ব অভিযোজন কৌশল ও উদ্ভাবনী জীবনসংগ্রাম তুলে ধরতে এক ব্যতিক্রমধর্মী স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট পাইকের মোড় বিলে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
মেলায় উপকূলীয় জীবন, কৃষি, মাছধরা, স্থানীয় বীজ, বনজীবী জীবিকা, হস্তশিল্প এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার প্রদর্শিত হয়েছে। এছাড়া শুকনা খাবার প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। বারসিকের পরিচালক ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ বলেন, “উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগকে জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করলে টেকসই জলবায়ু অভিযোজন নিশ্চিত করা সম্ভব।”
বক্তারা আরও বলেন, প্রতিকূলতার মধ্যেও গ্রামীণ জনগোষ্ঠী দেশীয় বীজ, প্রাকৃতিক সম্পদ ও নিজস্ব কৌশল দিয়ে টিকে থাকার চেষ্টা চালাচ্ছে। তবে স্থানীয় জলবায়ু অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জনগণের সরাসরি সংযুক্তি না থাকলে অভিযোজন কার্যক্রম সীমিত থাকবে।
শিশুস্বাস্থ্য সুরক্ষায় বৃহৎ পরিসরে টিকাদান উদ্যোগ নিয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে হাম-রুবেলা প্রতিরোধ কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। উপজেলার মোট ৩৮৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হচ্ছে, যেখানে প্রায় ৩২ হাজার ৫৫০ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, হাম ও রুবেলা সংক্রামক এবং শিশুদের জন্য উচ্চঝুঁকিপূর্ণ রোগ; সময়মতো টিকাদান নিশ্চিত করা হলে এ রোগসমূহ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না থাকে। অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পুলের হাট এলাকায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, আহত শিক্ষকের বুকের ডান পাশে দগ্ধের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মাদ্রাসার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা মাদ্রাসার উন্নয়ন ও সহায়তার কথা বলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। সন্দেহ হলে ব্যবসায়ীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেন। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা মাঝেমধ্যেই ঘটছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।