ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে মার্কিন ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে মাত্র ৬ মাস বয়সী একটি শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলা একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন এবং হতাহতদের পরিবারের অবস্থান নিয়ে জরুরি জরিপ কার্যক্রম চলছে।
ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ ধ্বংসের ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। হাতামির ভাষ্য অনুযায়ী, একটি শান্তিপূর্ণ আন্তর্জাতিক নৌ-মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি ইরানে ফেরার পথে কোনো ধরনের উসকানি ছাড়াই হামলার শিকার হয়। ওই ঘটনায় জাহাজে থাকা শতাধিক নাবিকের অধিকাংশই নিহত হন। তিনি বলেন, ‘আইআরআইএস দেনা’-এর ক্রুরা ইরানি নৌবাহিনীর ইতিহাসে সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন এবং দেশের প্রতিরক্ষা বাহিনী সমুদ্রসীমা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন–২০২৬’-এ অংশ নিয়েছিল ইরানসহ ৭০টির বেশি দেশ। মহড়া শেষে দেশে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলসংলগ্ন ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ‘আইআরআইএস দেনা’ ধ্বংস হয় বলে অভিযোগ করেছে তেহরান। জাহাজটিতে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে এবং শুক্রবার সেগুলো ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা ইরানের শাসনব্যবস্থার দ্রুত পরিবর্তনকে অপ্রয়োজনীয় ও অবাস্তব হিসেবে দেখছেন। বর্তমানে তেহরানে শাসন পরিবর্তনের জন্য বড় ধরনের স্থল সেনা অভিযান বা ব্যাপক অভ্যন্তরীণ আন্দোলনের প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য নয়। মার্কিন ও ইসরায়েলি কৌশলগত মূল্যায়নে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে; যুক্তরাষ্ট্র মূলত তেলের মূল্য ও বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন, আর ইসরায়েল সামরিক সফলতা দেখানোর দাবি করছে। মার্কিন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গ্যালনপ্রতি দাম ৬০ সেন্ট বৃদ্ধি পেয়েছে, যা ট্রাম্পের ‘সমৃদ্ধির স্বর্ণযুগ’ প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। বাজারের উদ্বেগ কমাতে প্রশাসন ১৭২ মিলিয়ন ব্যারেল কৌশলগত তেল মজুত ছাড়ার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে প্রশাসন পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেনি, যা পরবর্তী নীতি ও পদক্ষেপের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৪ মার্চ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইরানে স্কুল ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বেইজিং এ জরুরি মানবিক সহায়তা প্রদান করবে। ইরানের শাজারাহ স্কুলে হামলায় নিহতদের পরিবারকে সহায়তা দিতে চীনের রেড ক্রস ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ মার্কিন ডলার হস্তান্তর করবে। চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন বিবৃতিতে বলেন, “বেসামরিক মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং মানবতা ও নৈতিকতার সীমা অতিক্রম করেছে।” তিনি আরও বলেন, চীন মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, এবং সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানাচ্ছে। এদিকে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫০ জন স্কুলছাত্রী নিহত হন। ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বর্তমানে ১ হাজার ৩০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ১০ হাজারের বেশি। উত্তরের জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এছাড়া, হরমুজ প্রণালিতে ইরান তেল পরিবহন সীমিত করেছে, যা বিশ্বের তেল ও এলএনজি বাণিজ্যে প্রভাব ফেলছে।