আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ অডিটোরিয়ামে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলমসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের প্রতিনিধি।
জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান তার বক্তব্যে নারীর অধিকার রক্ষার জন্য ব্যক্তিগত উদাহরণ তুলে ধরেন। অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সচেতন নাগরিক কমিটি (সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমোক্রেসি ওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আকতারুল আলম। বক্তৃতা দেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের অনুকূল বর্ম্মন, গুড নেইবারসের বিভব দেওয়ান, ডেমোক্রেসি ওয়াচের মুজিবার রহমান ও জেলা ব্র্যাক সমন্বয়কারী আকতারুল ইসলাম।
শিশুস্বাস্থ্য সুরক্ষায় বৃহৎ পরিসরে টিকাদান উদ্যোগ নিয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে হাম-রুবেলা প্রতিরোধ কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। উপজেলার মোট ৩৮৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হচ্ছে, যেখানে প্রায় ৩২ হাজার ৫৫০ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, হাম ও রুবেলা সংক্রামক এবং শিশুদের জন্য উচ্চঝুঁকিপূর্ণ রোগ; সময়মতো টিকাদান নিশ্চিত করা হলে এ রোগসমূহ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না থাকে। অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পুলের হাট এলাকায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, আহত শিক্ষকের বুকের ডান পাশে দগ্ধের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মাদ্রাসার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা মাদ্রাসার উন্নয়ন ও সহায়তার কথা বলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। সন্দেহ হলে ব্যবসায়ীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেন। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা মাঝেমধ্যেই ঘটছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।