দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা ১১ ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা হলেন:
• রাজশাহী: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম
• চুয়াডাঙ্গা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার
• খুলনা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত
• মাদারীপুর: অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার
• ব্রাহ্মণবাড়িয়া: সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ
• চাঁদপুর: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান
• হবিগঞ্জ: মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ
• নরসিংদী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া
• মেহেরপুর: সংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়
• লালমনিরহাট: বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান
• বান্দরবান: ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস
এই রদবদল প্রশাসনিক কার্যক্রমকে নতুন গতিশীলতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পিত হয়েছে।
নীলফামারীতে ভূমি দখল, মাদক ব্যবসা ও বালু মহলকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সদর উপজেলার কচুকাটা, তিন থানার মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ভুয়া লিজের কাগজ দেখিয়ে সরকারি জমি দখল, অবৈধ বালু উত্তোলন এবং মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে সরকারি সম্পদের ক্ষতি ও সামাজিক পরিবেশের অবনতি ঘটছে। বিক্ষোভকারীরা আনিছুর রহমান ও সুদী ব্যবসায়ী মুন্নুর বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দখলকৃত জমি উদ্ধার এবং অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই দিন নিখোঁজ থাকার পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন ডোবা থেকে ভাসমান অবস্থায় তার দেহ পাওয়া যায়। নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।
বাগেরহাটে সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়োজনে রবিবার (২৯ মার্চ) বাঘ সংরক্ষণ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি বাগেরহাট প্রেস ক্লাবে সকাল ১১টা ৩০এ শুরু হয়। প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বাঘের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমানোর গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী। বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন এবং সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব ঐতিহ্যের অংশ। রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে এর গুরুত্ব অপরিসীম। তারা বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সমন্বিত কার্যক্রম জোরদার এবং অবৈধ শিকার প্রতিরোধের আহ্বান জানান। সেমিনারে বন বিভাগের কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।