রংপুর জেলা প্রশাসন সড়কে নিরাপত্তা জোরদার ও অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো, ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ দিয়ে যানবাহন চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। তাই শুধুমাত্র বৈধ কাগজপত্রসহ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল সরবরাহ করার জন্য পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে, নিজ নামে রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, হালনাগাদ ফিটনেস সনদ এবং প্রয়োজনীয় রুট পারমিট ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না।
ময়মনসিংহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরে যুব সংগঠনসমূহকে অনুদান প্রদানের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। আলোচনায় যুব সংগঠনগুলোর কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের অবদান এবং যোগ্য যুব স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদানের বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সক্রিয় যুব সংগঠনকে অনুদান প্রদানের প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণ সমাজকে সম্পৃক্ত করলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এবং অনুদান প্রদান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ইতিবাচক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, প্রকৃতভাবে সমাজসেবায় নিয়োজিত এবং সক্রিয় সংগঠনগুলোকে বাছাই করে অনুদান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে যুব সমাজকে আরও উদ্বুদ্ধ করা সম্ভব। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
রাজধানীর হাতিরপুল এলাকায় একটি আবাসিক বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) আনুমানিক দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের উৎপত্তিস্থল, কারণ কিংবা কোনো হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ নিরূপণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় আহত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সরকারি বরিশাল কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন এবং রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের আবুল হোসেন খানের ছেলে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার কে এম সোহেল রানা মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সোয়া ১১টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে সজিবের পরিবারের জমির পাশে দোকানঘর নির্মাণের সময় একই গ্রামের মো. মিলন খান নেতৃত্বে ৮-১০ জন ভাড়াটে হাতে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে সজিব রক্তাক্ত আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মৃত্যু বরন করেন। হামলায় সজিবের বাবা আবুল হোসেন খান (৬৫), মা পিয়ার বেগম (৫৫) এবং আরও দু’জন স্বজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আবুল হোসেন খান বাদী হয়ে ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানায়, জমিজমা বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তদন্ত এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।