সাতক্ষীরায় জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যেই অনুমোদন ছাড়াই সড়কে পেট্রল বিক্রির অভিযোগে ৭ হাজার লিটার জ্বালানিসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাভা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা থেকে যমুনা অয়েল কোম্পানির একটি লরি দেবহাটা উপজেলার একটি ফিলিং স্টেশনে পেট্রল সরবরাহের উদ্দেশ্যে রওনা হয়। তবে পথিমধ্যে গাভা এলাকায় সড়কে অবৈধভাবে তেল বিক্রির সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা লরিটি আটক করে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় লরিটি জব্দ করে এবং চালক মো. রিপন শেখ (৩৮) কে আটক করে। তিনি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিপুল পরিমাণ জ্বালানি তেলসহ লরি আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে আনোয়ার হোসেন খোকন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, তিনি প্রতি লিটার পেট্রোল ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ও ২০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
নীলফামারীর ডিমলা উপজেলায় ডালিয়া–জলঢাকা সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ‘স্লুইচ গেট’ এলাকায় ২০-২৫ জনের ডাকাত দল পথরোধ করে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ৫০টি মোবাইল ফোন ও প্রায় ১০ লক্ষাধিক টাকা লুট করে। ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও যাত্রী ও চালকদের মারধর করে আহত করেছে। স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পুলিশ জানায়, নীলফামারী র্যাব-১৩ সিপিসি ২ এবং ডিমলা থানার যৌথ অভিযানে দক্ষিণ সোনাখুলি গ্রামের নুরল হকের ছেলে মালেক (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সোমবার (৩০ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত স্থানীয় মাহফুজুর রহমানের ছেলে এবং তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন বলে পরিবার জানিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল শেষে ভেজা শরীরে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন চার্জ দিতে গেলে শর্ট সার্কিটের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।