গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) সকালে শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ে তিনি দায়িত্ব নেন।
দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান। এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা নবাগত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গাজীপুর জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। প্রতিটি উপজেলার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের ভূষনালক্ষণদিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিদ (৪) ও তাইয়ব (৪) স্থানীয় বাসিন্দা আকাশ শেখের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের রেললাইনের ধারে দোকানে চকলেট কিনতে গেলে রাজবাড়ী থেকে গোপালগঞ্জগামী একটি ট্রেন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মধুখালী থানার ওসি ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পঞ্চগড়ের সদর উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মকছেদ আলী বাইসাইকেলে পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় বোদা থেকে পঞ্চগড়গামী মোটরসাইকেলে থাকা বোদা থানার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সড়ক বিভাগ নীলফামারীর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া ও উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পতিত জমি, নদী-নালা, খাল-বিল এবং সড়কের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, আগামী এক বছরে জেলার বিভিন্ন সড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ৩ হাজার চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে কর্মসূচির সূচনা করা হয়েছে। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।