তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদীতে জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, একজন জ্যেষ্ঠ সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি প্রদান সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত, যা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হলেও এখন পর্যন্ত হুমকিদাতাকে শনাক্ত বা গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির ঘটনা বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক। অতীতে সংঘটিত বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।
বক্তারা সতর্ক করে বলেন, অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত “সাংবাদিক সুরক্ষা আইন” প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।
সুন্দরবন এলাকায় পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে অপহৃত দুই জেলেকে জীবিত উদ্ধার এবং অস্ত্র-গোলাবারুদসহ এক সক্রিয় বনদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এর আওতায় বনদস্যু দমনে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় অপহৃত দুই জেলেকে ১৬ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে মুর্তি খাল এলাকা থেকে উদ্ধার করা হয়। অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যায়। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে সুন্দরবন এলাকায় দস্যুতা নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।