বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বড় অংশ বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। তারা মনে করছেন, দেশে ফিরে কারাগারে যাওয়ার বা প্রাণহানির ঝুঁকি থাকতে পারে। নির্বাচনের আগে তারা দেশে ফেরার পরিকল্পনা করছেন না।
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমরা এখানে আছি, কারণ দেশে ফিরলে আমাদের হত্যা করা হতে পারে।” এই নেতারা মনে করেন, আসন্ন নির্বাচনে দেশের কোনো স্থিতিশীলতা বা শান্তি সৃষ্টি হবে না। তাই তারা কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ বা ভোট প্রদানে উৎসাহিত করছেন না।
শেখ হাসিনার সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, “আমরা আমাদের কর্মীদের ভোট ও প্রচারণার সাথে সরাসরি জড়িত না থাকার নির্দেশ দিয়েছি।”
নির্বাসিত নেতারা আশা করছেন, দীর্ঘস্থায়ী নয়, কিছুদিন পরেই তারা দেশে ফিরতে পারবেন। কলকাতায় অবস্থানরত সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, “এখন পরিস্থিতি আমাদের জন্য কঠিন, তবে দীর্ঘস্থায়ী হবে না।”
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। দলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। তবে দল এই অভিযোগ অস্বীকার করেছে এবং জুলাই আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে।
প্রত্ম সংগ্রাহক ও গবেষক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান (৮৮) আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ক্যানসার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫টায় বটেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাঁকে।
নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর। এক টাকায় ঈদের নতুন জামা দেওয়ার পর এবার খেটে খাওয়া মানুষের জন্য ১ টাকায় সেমাই, চিনি ও দুধ বিতরণ করে নতুন চমক দেখিয়েছে তারা। শুক্রবার (২০ মার্চ) সকালে শহরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বসানো হয় একটি অস্থায়ী দোকান। ব্যানারে লেখা ছিল— “১ টাকায় সেমাই চিনি দুধ”। আর সেই ডাকেই সাড়া দিয়ে ভিড় করেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সুবিধাভোগীরা জানান, মাত্র ১ টাকায় আধা কেজি লাচ্ছা সেমাই, চিনি ও দুধ পাওয়া তাদের কাছে অবিশ্বাস্য। রিকশাচালক মহিবুল আলম বলেন, “আমরা খেটে খাওয়া মানুষ, প্রতিটি টাকাই গুরুত্বপূর্ণ। আজ ১ টাকায় ঈদের প্রয়োজনীয় জিনিস পেয়ে সত্যিই ভালো লাগছে।” সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষদের শামিল করতেই তাদের এই উদ্যোগ। সংগঠনের প্রতিষ্ঠাতা এসরার আনসারী ও নওশাদ আনসারী বলেন, “আমরা চাই মানুষ দানের অনুভূতি নয়, নিজের অর্থে কিনে নেওয়ার আনন্দ পাক। তাই প্রতীকী মূল্য রাখা হয়েছে।” উল্লেখ্য, প্রতি বছর ঈদকে সামনে রেখে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন সহায়তা দিয়ে আসছে এই সংগঠন। চলতি বছর ১ টাকার দোকানের মাধ্যমে জামা ও খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হয়েছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টিরও অধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই আনন্দঘন পরিবেশে মুসল্লিরা নির্ধারিত ঈদের জামাতে অংশ নেন। সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। এ জামাতে ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা, ইসলামকাটি, গোয়ালচত্তরসহ অন্তত ২০টি গ্রামের কয়েকশ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ইমাম মাওলানা মহব্বত আলী বলেন, কুরআন-সুন্নাহর আলোকে বিশ্বের অন্য প্রান্তে চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে তারা ঈদ উদযাপন করে থাকেন। ঈদের নামাজে অংশ নিতে আসা মুসল্লি আলি হোসেন জানান, সকালেই পরিবারের সদস্যদের নিয়ে নামাজ আদায় করতে পেরে তিনি আনন্দিত। আরেক মুসল্লি আব্দুল জলিল বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে ঈদ পালন করতে পেরে তারা সন্তুষ্ট। এছাড়া শ্যামনগরের কাশিমাড়ী ও তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে সাতক্ষীরা জেলার অধিকাংশ এলাকায় জাতীয়ভাবে চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।