বরিশাল নগরীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পুনরায় চালু করা হয়েছে রুপাতলী ১৬ এমএলডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রুপাতলী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বরিশাল নগরীর অন্যতম প্রধান পানি সরবরাহ অবকাঠামো। প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে প্ল্যান্টটির। নদী ও খাল থেকে সংগৃহীত কাঁচা পানি আধুনিক প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানিতে রূপান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, প্ল্যান্টে কয়েকটি ধাপে পানি শোধনের কাজ সম্পন্ন হয়। প্রথমে কাঁচা পানি সংগ্রহ করা হয়। এরপর কোয়াগুলেশন ও ফ্লকুলেশন প্রক্রিয়ায় ময়লা পৃথক করা হয়। পরে স্থিতিকরণ, ফিল্টারিং ও জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে পানি সরবরাহের উপযোগী করা হয়। সাম্প্রতিক আধুনিকায়নের ফলে পুরো প্রক্রিয়া আরও কার্যকর ও উন্নত হয়েছে।
দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি, পুরোনো অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্ল্যান্টটির কার্যক্রম আংশিক বা পুরোপুরি বন্ধ ছিল। এতে নগরবাসীকে বিশুদ্ধ পানির সংকটে ভুগতে হয় এবং অনেক এলাকায় বিকল্প উৎসের ওপর নির্ভরশীলতা বেড়ে যায়।
সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে প্ল্যান্টটির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন, পাইপলাইন সংস্কার, ফিল্টার ইউনিট উন্নয়ন এবং বৈদ্যুতিক ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নতুন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। রুপাতলী ট্রিটমেন্ট প্ল্যান্ট পুনরায় চালুর মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে বড় অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে প্ল্যান্টটির কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে পানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে। পাশাপাশি নতুন পানি শোধনাগার স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
নগরবাসী মনে করছেন, গ্রীষ্ম মৌসুমে পানির চাহিদা বেড়ে যাওয়ার সময় রুপাতলী পানি শোধনাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকলে এটি বরিশালের পানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি কার্যকর অবকাঠামো হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
ফরিদপুরের উপজেলায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে নগরকান্দা বাজারে শাখার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামের আসাদুজ্জামানের মেয়ে। সে -এর ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ইটবোঝাই একটি চার চাকার ট্রলির ধাক্কায় মরিয়ম সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে -এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত ট্রলি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, “এ ঘটনায় এখনো মামলা বা জিডি দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ভোলার দক্ষিণ দিঘলদীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত উচ্চফলনশীল মুগডাল জাত বারি মুগ-৬ ও বারি মুগ-৮ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলা সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় এবং আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের “সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল–ফরিদপুর অঞ্চলে ডাল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি’র ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মোখলেসুর রহমান। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ছালেহ উদ্দিন, ড. মো. আকতার-উজ-জামান, মো. মামুনুর রশিদ ও শাহিন মাহমুদ। প্রধান অতিথি বলেন, বারি মুগ-৬ ও বারি মুগ-৮ উচ্চফলনশীল জাত, যা কৃষকের আয় বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশে ডালের ঘাটতি রয়েছে, তাই এ জাতের বিস্তার জরুরি। প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কৃষকদের এসব জাতের চাষপদ্ধতি ও উপকারিতা বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৮০ জন কৃষক-কৃষাণী এতে অংশ নেন।
রাজধানীতে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএসসিসি ভবনে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় ‘বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশন’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ২০২১ সালে প্রায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশা ও ভ্যানকে লাইসেন্স দেওয়া হলেও বর্তমানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ফেডারেশন নেতারা দাবি করেন, লাইসেন্সধারী প্যাডেল রিকশায় সংযুক্ত ব্যাটারি নির্দিষ্ট নীতিমালার আওতায় বৈধতা দেওয়া এবং মৌসুমি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রশাসক বলেন, "রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে অবৈধ ব্যাটারিচালিত রিক্সা নাগরিকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে”। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট নকশা, গতি ও নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করে সীমিত সংখ্যক রিকশা চলাচলের পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে জীবিকা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রেখে নীতিমালা প্রণয়ন করা হবে। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।