ভোলার দক্ষিণ দিঘলদীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত উচ্চফলনশীল মুগডাল জাত বারি মুগ-৬ ও বারি মুগ-৮ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলা সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় এবং আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের “সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল–ফরিদপুর অঞ্চলে ডাল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি’র ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মোখলেসুর রহমান। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ছালেহ উদ্দিন, ড. মো. আকতার-উজ-জামান, মো. মামুনুর রশিদ ও শাহিন মাহমুদ।
প্রধান অতিথি বলেন, বারি মুগ-৬ ও বারি মুগ-৮ উচ্চফলনশীল জাত, যা কৃষকের আয় বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশে ডালের ঘাটতি রয়েছে, তাই এ জাতের বিস্তার জরুরি। প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কৃষকদের এসব জাতের চাষপদ্ধতি ও উপকারিতা বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৮০ জন কৃষক-কৃষাণী এতে অংশ নেন।
রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পাওয়ার পর ১১টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট কার্যক্রম শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হলেও দুপুর পৌনে ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত দুইটি ইউনিট যাওয়ার পথে রয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালে নার্সের অবহেলায় ১৪ বছরের এক শিক্ষার্থীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আফসানা আক্তার শেরপুর সদর উপজেলার বাসিন্দা। সে নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পেটে ব্যথার কারণে তাকে প্রথমে স্থানীয় চিকিৎসক দেখানো হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক অপারেশনের সিদ্ধান্ত দেন। স্বজনদের অভিযোগ, অপারেশনের পর কোনো পূর্বঘোষণা বা প্রয়োজনীয় নির্দেশনা ছাড়াই নার্স তার শরীরে রক্ত পুশ করতে শুরু করেন। এ সময় রোগীর মা আপত্তি জানালেও তা উপেক্ষা করা হয়। প্রায় ২০ মিলিলিটার রক্ত দেওয়ার পর দেখা যায়, সেটি ভুল রক্ত গ্রুপের। পরবর্তীতে জানা যায়, রোগীকে দেওয়া রক্ত ছিল ‘ও পজেটিভ’, অথচ তার রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’। এ রক্ত পাশের শয্যার এক রোগীর জন্য সংরক্ষিত ছিল বলে দাবি করেছেন স্বজনরা। ভুল রক্ত দেওয়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে রক্ত প্রদান বন্ধ করা হয়। তবে ততক্ষণে রোগীর শরীরে প্রতিক্রিয়া শুরু হয়। বর্তমানে তার জ্বর, বমিভাবসহ শারীরিক জটিলতা দেখা দিয়েছে এবং তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভুক্তভোগীর মা অভিযোগ করেন, রক্ত দেওয়ার আগে চিকিৎসক কোনো নির্দেশনা দেননি এবং রোগীর রক্তের প্রয়োজনীয়তাও জানানো হয়নি। এ সময় দায়িত্বরত নার্সের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তোলেন তিনি। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রোগীর স্বজনরা। একই সঙ্গে ভবিষ্যৎ নিরাপত্তা বিবেচনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতির কথাও জানিয়েছেন তারা। হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান জানান, বিষয়টি জানার পরই রক্ত প্রদান বন্ধ করা হয় এবং রোগীকে পর্যবেক্ষণে নেওয়া হয়। তিনি বলেন, “ভুলবশত নার্সের গাফিলতিতে রক্ত দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মানবিক চিকিৎসাসেবার ক্ষেত্রে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং ভবিষ্যতে এ ধরনের অবহেলা রোধে কঠোর নজরদারি বাড়ানো হবে।
সাতক্ষীরার বিচার বিভাগে মামলার জট উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়ে ৭৭ হাজার ছাড়িয়েছে, ফলে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি বাড়ছে। তবে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরছে বলে জানিয়েছে জেলা লিগ্যাল এইড অফিস। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি শেষে জেলায় দেওয়ানি, ফৌজদারি, ম্যাজিস্ট্রেসি ও বিশেষ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে মোট বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪৬টি। এর মধ্যে জজশীপে দেওয়ানি মামলা ২৪ হাজার ৮৯৩টি, ল্যান্ড সার্ভে মামলা ৭ হাজার ২৩৬টি এবং ফৌজদারি মামলা ১৩ হাজার ২৮৭টি। এছাড়া ম্যাজিস্ট্রেসিতে বিচারিক ও আমলী ফাইল মিলিয়ে রয়েছে ১৩ হাজার ৮১০টি মামলা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২ হাজার ৫২২টি নারী ও শিশু মামলা, ৬২৬টি শিশু মামলা, ১৫১টি মানবপাচার সংক্রান্ত মামলা এবং ১ হাজার ৪৩টি পিটিশন মামলা বিচারাধীন রয়েছে। পৃথক শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালেও রয়েছে ১৫০টি মামলা। এত বিপুল মামলার চাপে বিচারপ্রার্থীরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই বছরের পর বছর আদালতে ঘুরেও কাঙ্ক্ষিত বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তবে জেলা লিগ্যাল এইড অফিস জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ২ হাজার ১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫২০টি মামলা দায়ের ও ১৩৩টি নিষ্পত্তি হয়েছে। একই সময়ে ১ হাজার ৬০০টি এডিআর আবেদন গৃহীত হয়ে ১ হাজার ৪৬১টি নিষ্পত্তি করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৯৭ লাখ ৭৮ হাজার টাকা আদায় হয়েছে। এছাড়া এ সময়ে ২ হাজার ১৬৫ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে নারী ১ হাজার ১০৬ জন এবং পুরুষ ৩৭৬ জন। সংশ্লিষ্টরা মনে করছেন, মামলার জট কমাতে এডিআর কার্যক্রম আরও সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়ন জরুরি। একই সঙ্গে বিচারকসংখ্যা বৃদ্ধি ও আদালত ব্যবস্থার আধুনিকায়ন করা হলে বিচারপ্রক্রিয়ায় গতি ফিরতে পারে।