বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার এড়াতে ইয়াবা বড়ি গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক। পরে তাকে পুলিশি নিরাপত্তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাতে টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে তাকে থামানোর চেষ্টা করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধরা পড়ার পর নিজের কাছে থাকা ১০–১২টি ইয়াবা বড়ি গিলে ফেলেন।
একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি পুলিশ পাহারায় রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সানোয়ার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গৌরনদীতে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, স্বাস্থ্যগত অবস্থা স্থিতিশীল হলে তার বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
পঞ্চগড়ে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে জানায়, ঝড়ে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমে কোনো দল, ধর্ম বা বর্ণভেদ করা হচ্ছে না। খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন। তিনি আরও বলেন, “জুলাই সনদ”-এর প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। এসময় তিনি যুব সমাজকে অনলাইন জুয়া ও মাদকের অপকারিতা থেকে দূরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, ইউপি চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে লাখো মানুষের উপস্থিতিতে বিশাল “শানে রিসালাত ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) মাগরিব নামাজের পর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সৈয়দপুরের বাংলা হাইস্কুল মাঠে এ ধর্মীয় মহাসম্মেলন চলে। এতে স্থানীয় ও পার্শ্ববর্তী জেলা-উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পাকিস্তানের ইসলামিক স্কলার পীরজাদা মুহাম্মদ রাযা সাকিব মুস্তাফায়ী। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ এবং পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সৈয়দ এরশাদ আহমেদ বোখারী। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেম-ওলামা, ইমাম, খতিব ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।