সারাদেশের মতো বাগেরহাটেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।
ভোর ৫টা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মো. বাতেন দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা দিবসে বাগেরহাটবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের।
নীলফামারীর সৈয়দপুর শহরে দীর্ঘদিনের দাবির পর তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত জরাজীর্ণ সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। তবে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে তামান্না মোড়–ওয়াপদা এবং মদিনা মোড়–বসুনিয়া মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক নির্মাণ চলছে। কাজটি করছে রংপুরের সাম্মি বিল্ডার্স। সরেজমিনে দেখা যায়, সড়কের একাধিক অংশে ১৫টির বেশি বৈদ্যুতিক খুঁটি এখনো সরানো হয়নি। এতে নির্মাণাধীন সড়ক দিয়ে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করেন, বারবার অনুরোধ করা হলেও খুঁটি সরানো হয়নি, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তাদের দাবি, সড়ক নির্মাণের আগেই খুঁটিগুলো অপসারণ করা উচিত ছিল। পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, নেসকোকে খুঁটি সরানোর বিষয়ে জানানো হয়েছে এবং আগামী ১৫–২০ দিনের মধ্যে এগুলো সরিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নেসকো নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আবেদন পাওয়া যায়নি। আবেদন পেলে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, মানহানিকর ভিডিও প্রচার ও হয়রানির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুর মডেল ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহের আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক। বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ সম্প্রতি তাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার এবং ‘দালাল’ আখ্যা দিয়ে হেয় করার চেষ্টা চলছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় কয়েকজন প্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ উঠেছে, যা পেশাজীবীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বক্তারা দাবি করেন, ওষুধ প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা জরুরি। কর্মসূচি থেকে অপপ্রচার বন্ধ, মানহানিকর বক্তব্য ও ভিডিও অপসারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
জামালপুরে কম্পিউটার, সেলাই, বিউটিফিকেশন ও ইংলিশ স্পোকেন কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) জেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এছাড়া সহকারী প্রকৌশলী শাহারিয়া কবিরসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরির মোট ১৬৯ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান ও কর্মক্ষেত্রে অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।