ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন। আজ বুধবার (১৩ মে) রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ঝুঁকিপূর্ণ পুরনো ভবন ভেঙে ১৮টি আধুনিক বহুতল আবাসন নির্মাণ করা হবে। পরিকল্পনাটি মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলা এলাকায় বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রশাসক বলেন, নির্মাণকালে বাসিন্দাদের বিকল্প আবাসনের ব্যবস্থা, গ্যাস–পানি সমস্যা সমাধান, শিশুদের জন্য খেলার মাঠ এবং উপাসনালয়ের সুবিধা নিশ্চিত করা হবে।

নাগরিক সুবিধা বিষয়ে তিনি জানান—
• বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে
• গ্যাস বিল ডিএসসিসির পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে
• ঈদুল আজহায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে
• পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে

তিনি আরও বলেন, শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। ড্রেন ও খালে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা সমস্যা সমাধান সম্ভব নয়।
পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পকে দেশের অন্যতম বৃহৎ পানি ব্যবস্থাপনা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (১৩ মে) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সরকারি সূত্র জানায়, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদীপথ, কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় ১৯৬০-এর দশক থেকেই পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ছিল। বিশেষ করে ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সম্পূর্ণ সরকারি অর্থায়নে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ভারতের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদ্মা ব্যারেজ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।” তবে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে দুই দেশের সংশ্লিষ্ট কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বাজেট ঘোষণার পরই পদ্মা ব্যারেজ প্রকল্পের বাস্তব কাজ শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রাথমিক অনুমোদনের পর দীর্ঘদিনের সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় যাচ্ছে। জুলাই মাস থেকেই ধাপে ধাপে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১২ মে) গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগে পৌঁছেছে, যা আর্থিক খাতে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ধাপে ধাপে গুটিয়ে আনা হবে এবং নিয়ন্ত্রক কাঠামোর আওতায় অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আংশিক জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ ফারজানা রুপাকে ৬টি এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন মঞ্জুর করেন। তবে প্রত্যেকের একটি করে মামলায় জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে। ফলে সব মামলায় জামিন না থাকায় আপাতত তাদের কারামুক্তি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আসামিপক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।