চলচ্চিত্রের বাইরে নতুন পরিচয়ে আলোচনায় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় বা নৃত্য নয়, এবার ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে খবরের শিরোনামে এসেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে নিজের জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’ চালু করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
একটি ভিডিও বার্তার মাধ্যমে নতুন ব্র্যান্ডটির উদ্বোধনের তথ্য জানান তামান্না। তিনি বলেন, তার ব্যক্তিগত জীবনধারা ও পর্দার বাইরের স্টাইলই এই জুয়েলারি ব্র্যান্ডের মূল অনুপ্রেরণা। বিশেষ অনুষ্ঠান ছাড়াও দৈনন্দিন ব্যবহারের উপযোগী, আরামদায়ক ও রুচিশীল গয়নাকেই গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগে।
ফ্যাশন সাময়িকী গ্রাজিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে তামান্না জানান, গয়নার ব্যবসার সঙ্গে তার পারিবারিক সম্পৃক্ততা দীর্ঘদিনের। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেছেন—সৌন্দর্যের নামে অস্বস্তিকর সাজ গ্রহণযোগ্য নয়। সেই উপলব্ধি থেকেই বাস্তব জীবনবান্ধব গয়নার ধারণা আসে।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক পরিসর সম্প্রসারণের মাধ্যমে তামান্না ভাটিয়া তার পেশাগত যাত্রায় নতুন মাত্রা যোগ করলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাকিস্তানি শোবিজ অঙ্গনের আলোচিত সম্পর্ক নিয়ে ফের নতুন গুঞ্জন তৈরি হয়েছে। দীর্ঘ প্রেম–বিচ্ছেদ–দূরত্বের পর আবারও কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছেন বলে আলোচনা চলছে হানিয়া আমির ও আসিম আজহার-কে ঘিরে। সম্প্রতি আসিম আজহারের এক কনসার্টে মঞ্চে পারফরম্যান্স চলাকালে তাদের দৃষ্টিবিনিময়ের একটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। দর্শক ও ভক্তদের একাংশ এটিকে সম্পর্ক পুনর্মিলনের ইঙ্গিত হিসেবে দেখছেন। এরপর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আরেকটি কনসার্টে হানিয়ার উপস্থিতি নিয়েও নতুন আলোচনা শুরু হয়। সেখানে তিনি জনসমাগমে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও, ভক্তদের দাবি—তার ব্যবহৃত রুমালে লেখা নাম এবং উপস্থিতির ধরন ছিল ইচ্ছাকৃত ‘ইঙ্গিতপূর্ণ আচরণ’। তবে দুই তারকার পক্ষ থেকে সম্পর্ক পুনর্গঠন বা বিয়ের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো কেবলই বিনোদন জগতের গুঞ্জন ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও পিতৃত্ব–মাতৃত্বের আনন্দে ভাসছেন—দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে দেওয়া এক পোস্টে দম্পতি নতুন সদস্য আগমনের ইঙ্গিত দেন, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও উচ্ছ্বাসের ঢেউ তোলে। পোস্টে তাদের প্রথম সন্তান দুয়ার উপস্থিতিও আলোচনায় আসে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে এই তারকা দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান দুয়া। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। পেশাগতভাবে উভয়েই ব্যস্ত সময় পার করছেন, এর মধ্যেই পরিবারে নতুন সদস্যের আগমনের খবর তাদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
ব্যক্তিগত স্মৃতির ভাণ্ডার থেকে এক বিশেষ ঘটনার কথা তুলে ধরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। একটি সাম্প্রতিক পডকাস্ট অনুষ্ঠানে তিনি জানান, ২০০৩ সালে তার অভিনীত চলচ্চিত্র দেখে মুগ্ধ হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি উপভোগ করার পর ওই চিঠিতে চলচ্চিত্রটির শিল্পীদের প্রশংসা করা হয় এবং মানসম্মত সিনেমা নির্মাণের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পূর্ণিমা বলেন, সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় চিঠিটি গণমাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে শেয়ার করা হয়েছিল, যা চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া জাগায়। একই অনুষ্ঠানে তিনি আরও জানান, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত বিভিন্ন কারণে কাজগুলো করা হয়নি। এছাড়া নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় তিনি প্রাথমিকভাবে নির্বাচিত না হলেও পরবর্তীতে অভিনয়ের সুযোগ পান।