গোদাগাড়ী থানা পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে আটকের পর মোটা অংকের উৎকোচ গ্রহণ করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা চলছে।
রোববার (৪ জানুয়ারি) গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলীকে আটক করে থানা পুলিশ। আটক মোহাম্মদ আলী (৭০) বালিয়াঘাটা গ্রামের বাসিন্দা। এএসআই সেলিম আটকের বিষয়টি স্বীকার করে জানান, ওসির নির্দেশে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
তবে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়ায় মোটা অংকের অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। তাদের দাবি, থানাটি যেনো “আটক বানিজ্য কেন্দ্রে" পরিনত হয়েছে।এ ঘটনায় বিএনপি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, মোহাম্মদ আলী আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এলাকায় বিভাজন সৃষ্টি ও প্রভাব খাটিয়ে অর্থ আদায় করতেন। তার ভয়ে ২০১৮ সালের নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতেও বাধাগ্রস্ত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এর আগে একই থানার এএসআই ফজলুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। স্থানীয়দের অভিযোগ, থানায় সেবার পরিবর্তে আটক বাণিজ্য ও মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা আদায় করা হচ্ছে, ফলে এলাকায় অপরাধ বাড়ছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি হাসান বাশিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছিল—এটি সত্য। বয়স বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির বয়স ৭৫+ হবে। উৎকোচ গ্রহণের অভিযোগ সঠিক নয়। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেওয়ানগঞ্জের যমুনা নদীতে আমিনুল ইসলাম খোকা নামের এক বৃদ্ধের লাশ ভেসে উঠে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মোল্লারচর গ্রামের বাসিন্দা। থানা সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি বৃদ্ধ আমিনুল ইসলাম খোকা (৭৩) অসুস্থ স্ত্রীকে দেখতে গাইবান্ধার উদ্দেশ্যে মোল্লারচর এলাকা থেকে যাত্রীবাহী নৌকাযোগে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে নৌকা থেকে নদীতে পড়ে যায়। স্রোত ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পর অবশেষে শুক্রবার সন্ধ্যায় তার মৃত লাশ দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ফুটানিবাজার ঘাটে ভেসে উঠে। খবর পেয়ে স্বজনরা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মেদ জানান, দুর্ঘটনার ঘটনাটি অবগত হয়েছি। বাহাদুরাবাদ নৌথানা পুলিশ এই বিষয়টি তদারকি করছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পূকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক(৪০) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর হাসপাতাল রোড সংলগ্ন পুকুর থেকে আজ রোববার(২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয়রা একটি মরদেহ পুকুরে ভাসতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিধানে কলার ওয়ালা হাফ হাতা নেভি ব্লু রংয়ের পলো শার্ট ছিল। নিহতের মুখে হাল্কা দাড়ি ও গোফ ছিল। কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতেও ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স দোকানে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ দোকানের সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বন্ধ দোকানের ভেতর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা নগদ টাকাসহ সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক তানভীর আহম্মেদ জানান, এদিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। রাত ১১টার দিকে খবর পেয়ে দ্রুত দোকানে চলে আসেন। কীভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে তিনি বলতে পারেনি। আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা। তবে বৈদু্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে, শনিবার দুপুর ১২টার দিকে মানসা পশ্চিমপাড়া এলাকায় নিমাই নামে এক পানচাষীর লিজ নেয়া জমিতে একটি পানের বরজে আগুন লাগে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান। বিষয়টি নিশ্চিত করেছে ওই জমির মালিক মিজান হালদারসহ স্থানীয়রা।