ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৭৫০ জন ইমাম ও খতিব অংশ নেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, “গণভোট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজে প্রভাবশালী ধর্মীয় নেতাদের, বিশেষ করে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।”

সম্মেলনে ভোটার উপস্থিতি বৃদ্ধি, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ভোটার সচেতনতা ও নির্বাচনে ইতিবাচক অংশগ্রহণের বার্তা পৌঁছাবে।
বাগেরহাটের রামপালে নির্মাণাধীন বিশ্বমানের ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার ও সংলগ্ন সেতুর অগ্রগতি পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলার ঝনঝনিয়া এলাকায় তিনি এ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী সেতুর দুই প্রান্তে অধিগ্রহণকৃত জমির জটিলতা দ্রুত নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত মালিকদের প্রাপ্য অর্থ পরিশোধের নির্দেশ দেন। তিনি বলেন, সেতুর কাজ দ্রুত সম্পন্ন হলে ক্যান্সার কেয়ার সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। ক্যান্সার কেয়ার সেন্টারের পরিচালক রেজা সেলিম জানান, ভারী যন্ত্রপাতি স্থাপনে নদীসংক্রান্ত জটিলতায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলে আধুনিক এই ক্যান্সার চিকিৎসা কেন্দ্র দ্রুত চালুর লক্ষ্যে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।
“সুস্থ শ্রমিক কর্মঠ, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গুরুত্বারোপ করে বক্তারা বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
নরসিংদীর শিবপুরে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিনটি সিলগালা বান্ডেল খাতা উদ্ধারের ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে শিবপুর থানার উপপরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে শিবপুরের শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন সড়কের পাশে তিনটি বান্ডেল পড়ে থাকতে দেখেন রাহিম নামে এক যুবক। তিনি পরে বান্ডেলগুলো বাসায় নিয়ে যান। পরদিন প্রতিবেশীর মাধ্যমে নিশ্চিত হন যে এগুলো পরীক্ষার খাতা। এরপর তিনি নিজ উদ্যোগে খাতাগুলো শিবপুর থানায় জমা দেন। শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, ২৬৮টি এসএসসি (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্রের খাতা সম্বলিত তিনটি সিলগালা প্যাকেট উদ্ধার করে থানায় আনা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে ইউএনও ও ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো পোস্ট অফিসে জমা দেওয়া হয়। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পোস্ট অফিসের ডাক পরিবহনের সময় একটি যানবাহন থেকে খাতাগুলো সড়কে পড়ে যায়। তবে সব খাতা অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় পুনরায় সংরক্ষণ করা হয়েছে।