কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনে কার্যালয়ের আসবাবপত্র, দলীয় নথি ও ব্যানার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামায়াতের স্থানীয় নেতারা এই ঘটনার পেছনে প্রতিপক্ষের পরিকল্পিত রাজনীতিক উদ্দেশ্য থাকার অভিযোগ করেছেন। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এলাকাবাসী রাজনৈতিক সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে রবিবার (২৯ মার্চ) ভোরে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দূর্ঘটনা বাটাজোর এলাকায় ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, বরিশালগামী “গ্রীনভিউ” পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে। ওসি আরও বলেন, দুর্ঘটনায় অভিযুক্ত বাস জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘরে আগুন লেগে তা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নারী ও দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, কৃষক মোবারেক আলী হাওলাদারের বসতঘরে বজ্রপাত হলে বৈদ্যুতিক মিটার থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো ঘরটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তার আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় ঘরের ভেতরে নামাজরত অবস্থায় ছিলেন গৃহকর্তার স্ত্রী সাহিদা বেগম। পাশেই ঘুমিয়ে থাকা নাতি আরিফা (৩) ও আরিশা (১) মশারিতে আগুন লাগায় দগ্ধ হয়। তাদের উদ্ধার করতে গিয়ে মা শারমিন বেগম (২৮)ও আহত হন। ঘটনায় ঘরে থাকা চাল-ডাল, প্রয়োজনীয় দলিলপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক। স্থানীয়রা জানান, আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় সদর উপজেলায় শনিবার (২৮ মার্চ) গভীর রাতে আকস্মিক ঝড়ে গাছ ভেঙে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধা নিজের ঘরে একাই ছিলেন, ঝড়ের তীব্রতায় ঘরের পাশে থাকা একটি বড় সড়কজিগা গাছ উপড়ে পড়ায় তিনি নিহত হন। উল্লেখ্য, ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় ঝড়ে বসতঘরের উপরে পাশের চারতলা নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে ময়নুল ইসলাম (৫০) ও তার স্ত্রী খুকুমনী (৩৮) আহত হয়েছেন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, হঠাৎ আসা ঝড় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গাছ চাপায় এক গবাদি পশুও মারা গেছে। জেলার বিভিন্ন এলাকায় অনেক গাছ উপড়ে পড়েছে, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। নিহত বৃদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ২০ হাজার টাকা নগদ সহ শুকনো খাবার ও চাল সহায়তা প্রদান করেছেন।