উপজেলা প্রশাসন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত করেছে। সভায় মাতৃভাষার তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ মামুন মিয়া, উপজেলা প্রকৌশরী মো. রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জেসিলি ঘোষ মুনমুন, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূইয়া, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার, প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধান ও সাংবাদিকরা।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২১ ফেব্রুয়ারী উদযাপনের সময় বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে থাকবে রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, এবং অন্যান্য সাংস্কৃতিক ও স্মরণীয় কার্যক্রম।
বাগেরহাটের রামপালে স্থাপিত “আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার” পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি এবং আগত রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের পর প্রতিমন্ত্রী হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের মানে সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের ফাউন্ডার পরিচালক রেজা সেলিম তার কার্যক্রম ও সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সময় বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন এ এস এম মাহাবুবুল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এবং স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সুনাগরিক ফোরাম, ফেনী। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং পরিচালনা করেন প্রধান সমন্বয়কারী মোরশেদ হোসেন। বক্তারা বলেন, ২৫ জানুয়ারি ফেনী পাইলট স্কুল মাঠে প্রধানমন্ত্রীর দেওয়া মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ফেনীর জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আন্দোলন ও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, শিক্ষাবিদ শাহাদাত হোসেন বাদল, পিআরপি চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরীফুল ইসলাম অপু, সামাজিক সংগঠক ওসমান গনি রাসেল, সাংবাদিক নুরুজ্জামান সুমন, আব্দুল বারিক, শামিম ভূঁইয়া, এবি পার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি, আলোকিত বাংলার সম্পাদক এ এম মোরশেদ শিবলী, ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এস আলম অপু ও পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুছ ছালামসহ আরও অনেকে।
ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সদর উপজেলার সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরা। শুক্রবার (৩ এপ্রিল) তার একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া অডিওতে হোসনে আরাকে এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে অভিযোগ করতে শোনা যায় যে, জেলা প্রশাসক তার কাছে আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন এবং তা প্রত্যাখ্যান করায় তাকে বিধিবহির্ভূতভাবে বদলি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে অনিয়ম ও চাপ প্রয়োগ করা হতো। তবে এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক পূর্বেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মানহানির উদ্দেশ্যে এ ধরনের তথ্য প্রচার করছে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় নাগরিক সমাজের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।