বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি জেলে ট্রলার ডুবে পাঁচজনের মধ্যে একজন জীবিত বেঁচে ফিরলেও চারজন এখনো নিখোঁজ রয়েছেন।
রবিবার দুপুরে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শামিম হোসেন (২৫) জানান, গত ৯ জানুয়ারি রাত আনুমানিক চারটার দিকে পাঁচজন মাছ ধরতে ট্রলারে যান। ট্রলার নোঙর করার পর সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে ট্রলারে বিকট শব্দ ও ধাক্কা লাগলে ট্রলার উল্টে যায় এবং সবাই নদীতে পড়ে যান। শামিম নিজে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ। ধারণা করা হচ্ছে, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।
নিখোঁজ জেলেদের মধ্যে আছেন- শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।
নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক বলেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদারও নিখোঁজদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
দেশে হাম ও এর উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু হামে এবং ৬ জনের মৃত্যু উপসর্গে হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১৫১ শিশু এবং নিশ্চিত হামে ২৮ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৮ শিশু সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৩৯ শিশু হামে আক্রান্ত হয়েছে। সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে ৭ হাজার ৬৫৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে।
সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকায় রোববার (১২ এপ্রিল) সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। কেন্দ্রস্থল শিলচর হওয়ায় এর প্রভাব সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলে অনুভূত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে চলতি মাসের ৭ তারিখেও একই অঞ্চলে ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘনঘন ভূকম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এসব ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ভূতাত্ত্বিক সক্রিয়তার বিষয়টি নজরদারিতে রাখার প্রয়োজন রয়েছে।
বাগেরহাটের ফকিরহাটে বিশ্বরোড মোড় এলাকার শিউলি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে গরু-ছাগলের হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে হাটটি চালু করা হবে। সপ্তাহে প্রতি রবিবার ও বুধবার নিয়মিত এই পশুর হাট বসবে। এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্থানীয় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, খামারি, ব্যবসায়ী ও মাংস বিক্রেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, অধ্যাপক মোফাজ্জল হায়দার, যুবদল নেতা মোল্লা রাজু আহম্মেদ, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কাজী ইয়াছিনসহ অন্যান্যরা। আয়োজকরা জানান, স্থানীয় খামারি ও ব্যবসায়ীদের সুবিধার্থে এই হাট চালু করা হচ্ছে, যা এলাকার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।