বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক কর্মকর্তা হলেন মোহাম্মদ ছরওয়ারে আলম, তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেছেন, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা বা নির্বাচনের পর সহিংসতার কোনো আশঙ্কা নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনা কমিশনারেট কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। মোট সাত দিনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—ভোটের আগে চার দিন, ভোটের দিন ও ভোটের পর দুই দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে প্রায় এক লাখ সেনা, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্ট গার্ড, ৩ হাজার ৫০০ নেভি, এক লাখ পুলিশ, ৩৭ হাজার বিজিবি, ৯ হাজার র্যাব এবং পাঁচ লাখের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরা থাকবে। ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশকে জটিল করে তুলতে পারে। তাই দায়িত্বশীল সংবাদ প্রকাশ অত্যন্ত জরুরি।
ব্যক্তিগত কারণ উল্লেখ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। দীর্ঘদিন বিচারিক কার্যক্রমে অনুপস্থিত থাকার প্রেক্ষাপটে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) কানাডা থেকে পাঠানো তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছায়। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রাপ্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, বিচারপতি মামনুন রহমান এক বছরের বেশি সময় ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদনও দাখিল করে। পারিবারিক সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কেউ অপসারিত, কেউ বাধ্যতামূলক অবসরে গেছেন, আবার কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বিচারপতি মামনুন রহমান সেই ধারাবাহিকতায় দায়িত্ব ত্যাগকারী বিচারপতিদের একজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে পোস্টাল ভোট কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনী কমিশন সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীদের কাছে পাঠানো মোট ব্যালট পেপারের সংখ্যা এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন ব্যালট পোস্টে জমা দিয়েছেন। দেশের অভ্যন্তরেও আইসিপিভি নিবন্ধিত ২ লাখ ৬৯ হাজার ভোটারের মধ্যে ৩ হাজার ৭৪৮ জন ব্যালট পেয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ভোটের কার্যক্রম তৎপরভাবে চালিয়ে যাচ্ছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।