ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপিত হয়েছে। দিবসটি শুরু হয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে। এসময় দেশের কল্যাণ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশপ্রেমের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন। আজ সোমবার (১১ মে) সকাল থেকে তারা একাডেমিকসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে প্রধান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি, বিশ্ববিদ্যালয়ের সংবিধি সংশোধন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দাবি জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষকরা বলেন, সর্বশেষ সিন্ডিকেট সভায় উপাচার্য দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে বাধ্য হয়ে তারা শাটডাউন কর্মসূচিতে গেছেন। তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং স্থানীয়ভাবে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। রোববার (১০ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের বিচ্ছিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলোতে (১১–১৪ মে) ধাপে ধাপে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিধি ও মাত্রা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশের তাপমাত্রা ওঠানামার মধ্যেই থাকবে—দিন ও রাতের তাপমাত্রা কোথাও সামান্য বাড়তে বা কমতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়ার ধরন আংশিক পরিবর্তনশীল ও বৃষ্টিপ্রবণ থাকবে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রবিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া গ্রামের মাসুম মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সহায়তা দাবি করেছে। এলাকাবাসীও প্রশাসনের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।