সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে এক মৎস্য চাষীর ঘের থেকে মাছ লুট ও দুটি বৈদ্যুতিক মোটর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রভাবশালী কাজী আবু তাহের ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ক্ষতিগ্রস্থ মাছ চাষী মুজিবার গাজী (৫৫) অভিযোগ করে জানিয়েছেন, তার মাগুরা গ্রামের ১৯.২৫ শতক জমিতে তৈরি পুকুর থেকে গত ৯ জানুয়ারি প্রায় দুই মণ মাছ লুট ও ২টি বৈদ্যুতিক মোটর ভাঙচুর করা হয়। এসময় তাঁকে মারধর করা হয় এবং জমিতে লাগানো তরিতরকারি গাছও কেটে ধ্বংস করা হয়। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭০ হাজার টাকা।
মুজিবার গাজী জানান, এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কাজী আবু তাহের এলাকায় পরিচিত ভুমিদস্যু এবং পূর্বেও বিভিন্ন অপরাধে নাম জড়িয়েছে। ঘটনার প্রতিবাদে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
ওসি সাতক্ষীরা সদর থানার পক্ষ থেকে জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে তোলে এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
ফরিদপুরের কোতয়ালী থানাধীন বারোখাদা ব্রিজ সংলগ্ন রাজবাড়ী–ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ীগামী একটি বাঁশবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাঁশবোঝাই ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করে হেফাজতে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দিবসটি উপলক্ষে শহীদদের সন্তানের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রংপুর সদরের নিসবেতগঞ্জ বালারখাল বধ্যভূমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার মো. মুজিবুল হক। সভায় বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কালিরঞ্জন বর্মণ, মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার মঞ্জুরুল ইসলাম, রংপুর মহানগর ইউনিটের আব্দুস সাত্তার, লেখক ও সাবেক ছাত্রনেতা স. ম আমজাদ হোসেন সরকারসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে শহীদ স্মৃতি অম্লান ও বালারখাল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ এপ্রিল সৈয়দপুরের প্রায় দেড় শতাধিক নিরীহ মানুষকে রংপুর সেনানিবাসের কাছে বালারখাল বধ্যভূমিতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। দিবসটি সৈয়দপুরবাসীর জন্য শোকাবহ দিন হিসেবে পালিত হয়ে আসছে।