ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক ও সিনিয়র সহকারী জজ আমিনুল ইসলাম।
নোটিশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীকসংবলিত পোস্টার টানিয়ে প্রচারণা চালান আব্দুল্লাহ আল কায়েস। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর একাধিক ধারার লঙ্ঘন।
নোটিশ অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে অবস্থিত কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে আব্দুল্লাহ আল কায়েস বলেন, নোটিশের কথা শুনেছেন, তবে এখনো তা খোলেননি।
বিচারক আমিনুল ইসলাম জানান, প্রার্থীর ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে তোলে এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
ফরিদপুরের কোতয়ালী থানাধীন বারোখাদা ব্রিজ সংলগ্ন রাজবাড়ী–ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ীগামী একটি বাঁশবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাঁশবোঝাই ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করে হেফাজতে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দিবসটি উপলক্ষে শহীদদের সন্তানের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রংপুর সদরের নিসবেতগঞ্জ বালারখাল বধ্যভূমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার মো. মুজিবুল হক। সভায় বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কালিরঞ্জন বর্মণ, মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার মঞ্জুরুল ইসলাম, রংপুর মহানগর ইউনিটের আব্দুস সাত্তার, লেখক ও সাবেক ছাত্রনেতা স. ম আমজাদ হোসেন সরকারসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে শহীদ স্মৃতি অম্লান ও বালারখাল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ এপ্রিল সৈয়দপুরের প্রায় দেড় শতাধিক নিরীহ মানুষকে রংপুর সেনানিবাসের কাছে বালারখাল বধ্যভূমিতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। দিবসটি সৈয়দপুরবাসীর জন্য শোকাবহ দিন হিসেবে পালিত হয়ে আসছে।