"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ উপ অঞ্চলের আয়োজনে তিনদিনব্যাপী ৫৪তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানের এ্যাথলেটিক প্রতিযোগিতা রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি, বিশেষ অতিথি ছিলেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহাঃ নাসির উদ্দীন।

অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। অনুষ্ঠানে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি বলেন, "শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সমপ্রীতি গড়ে ওঠে।"
সঞ্চালনা করেন জিলা স্কুলের সহকারী শিক্ষক মুর্তজা আলী, এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের সঙ্গে ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
শিশুস্বাস্থ্য সুরক্ষায় বৃহৎ পরিসরে টিকাদান উদ্যোগ নিয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে হাম-রুবেলা প্রতিরোধ কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। উপজেলার মোট ৩৮৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হচ্ছে, যেখানে প্রায় ৩২ হাজার ৫৫০ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, হাম ও রুবেলা সংক্রামক এবং শিশুদের জন্য উচ্চঝুঁকিপূর্ণ রোগ; সময়মতো টিকাদান নিশ্চিত করা হলে এ রোগসমূহ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না থাকে। অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পুলের হাট এলাকায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, আহত শিক্ষকের বুকের ডান পাশে দগ্ধের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মাদ্রাসার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা মাদ্রাসার উন্নয়ন ও সহায়তার কথা বলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। সন্দেহ হলে ব্যবসায়ীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেন। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা মাঝেমধ্যেই ঘটছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।