ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং দলটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, দেশ বর্তমানে নৈতিকতা ও সুশাসনের গভীর সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তির জন্য ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন একটি নতুন বন্দোবস্তের নির্বাচন। জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে বরিশাল অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন। এ সময় তিনি বরিশাল অঞ্চলের উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রতিশ্রুতি দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শায়খে চরমোনাই চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী এসহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই নীতির বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলা একটি আদর্শ জেলায় পরিণত হতে পারে। সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, শহরের যানজট নিরসন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ময়মনসিংহ শহরের যান চলাচল অনেকটাই সহজ করা সম্ভব। হাসপাতাল ও রাস্তার উপর দোকান বসানো এবং পার্কিংয়ের অভাবজনিত সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের জ্বালানি পর্যাপ্ত হলেও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে এবং একাধিকবার জ্বালানি তোলা হচ্ছে, যা নজরদারিতে রাখা হবে। এছাড়া কিশোর গ্যাং ও মাদকের বিষয়েও অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও অপরাধ দমনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব ও বিজিবি কর্মকর্তারা।
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় রোববার (৮ মার্চ) বিকাশ এজেন্ট মোঃ মোখলেছুর রহমান (৩৫) কে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার ১০ ঘন্টায়ও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন মোখলেছুর। পথে ৪–৫ জনের একটি দল ওৎ পেতে ছিল। তারা তার পথরোধ করে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেন। স্থানীয়রা আহতকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি ছোট চুরির ঘটনা রাতারাতি সঙ্কটময় পরিস্থিতিতে রূপ নিয়েছে। উপজেলা গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের ১৯ বছর বয়সী মাসুম নামের এক যুবক, যে শুক্রবার (৬ মার্চ) রাতে কয়েকটি হাঁস চুরির সঙ্গে জড়িত ছিল, স্থানীয় সালিশে নাকে খত দেওয়া এবং পাঁচ হাজার টাকা জরিমানা হওয়ার পর রোববার (৮ মার্চ) বিকালে নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে বসানো সালিশে মাসুমকে দোষী সাব্যস্ত করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, মাসুম এবং তার সহযোগী চুরি করা হাঁস বিক্রি করেছিলেন। ঘটনার পর থেকে এলাকার অন্যান্য যুবকরা তাকে কয়েক দফা হুমকি ও মারধর করেছিল। সালিশের সময়ও মাসুম এবং তার মাকে অপমানজনক ভাষায় সমালোচনা করা হয়, যা তার মানসিক সহনশীলতার বাইরে গিয়ে আত্মঘাতী হওয়ার দিকে প্ররোচিত করেছে। স্থানীয়রা জানিয়েছেন, মাসুমের মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো গ্রামের যুব সমাজ ও সালিশ প্রথার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে। পরিবার এবং প্রতিবেশীরা প্রশাসনের কাছে দাবি করেছেন, ঘটনা যথাযথভাবে তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সোমবার (৯ মার্চ ) পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনার বিষয়ে থানার কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি আইনগতভাবে তদন্তাধীন।