ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টায় টেংরাখালির মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে রাতে স্থানীয়রা ভুট্টাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের দাবি, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাতের ক্ষত রয়েছে। এতে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার আশঙ্কা করা হচ্ছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
হত্যাসহ ৪৭ মামলার আসামি খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির একটি দল ভাটারা এলাকায় অভিযান চালিয়ে রফিকুল আলমকে গ্রেফতার করে। সে সময় তিনি ওই বাসায় অবস্থান করছিলেন। পুলিশ সুপার আরও জানান, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে নেওয়া হবে। গ্রেফতারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই। পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভোটের প্রচারের নাম ব্যবহার করে একটি বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নারী সদস্য ও শিশুদের উপরও হুমকি প্রদর্শন করা হয়। ভুক্তভোগী মো. রওশন আলীর মা আছিয়া বেগম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন ব্যক্তি বাড়ির দরজায় এসে ভোট চাওয়ার নাম করে প্রবেশের চেষ্টা করে। পরে তারা জোর করে ঘরে ঢুকে দুই নাতির মাথায় অস্ত্র ধরেন, মুখে টেপ মারার চেষ্টা করেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর হুমকি প্রয়োগ করেন। ডাকাতরা আলমারি ভেঙে তিন ভরি সোনার গয়না ও নগদ তিন লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, এবং তারা একটি মোটরসাইকেলে এসেছিল; দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। স্থানীয় পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়রা এই ঘটনার কারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হওয়ায় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখার ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কোরুইল্লার টেক ব্রিজের নিচে একটি ধানক্ষেত থেকে ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইসমাইল হোসেন জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের শরীফ শেখের ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ রানা শামীম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।