ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগানে শনিবার (২ মে) বিকেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ভার্চুয়ালি ঘোষণা করেন তারেক রহমান। এ সময় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিচ্ছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই কর্মসূচি চালু করেন এবং এর ধারাবাহিকতায় দেশে বহু প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে। খেলাধুলার মাধ্যমে মাদক ও কুসংস্কার দূর করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড় ও কোচরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে কাবাডি ও ফুটবল ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা আগামী ৬ মে পর্যন্ত ফরিদপুর স্টেডিয়ামে চলবে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা বাজারের কেন্দ্রীয় দুর্গা মন্দিরের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই নারী গত ৩-৪ দিন ধরে বেতাগা বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। এর আগে তাকে কাটাখালী মোড় এলাকাতেও দেখা গেছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে অসুস্থ হয়ে পড়লে মানবিক কারণে তাকে মন্দিরের বারান্দায় শুইয়ে রাখা হয়। পরদিন সকালে তিনি মৃত অবস্থায় পাওয়া যান। ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ ভেঙে পানির তীব্র স্রোতে ধানক্ষেত প্লাবিত হওয়ায় কৃষকদের মধ্যে চরম ক্ষতি ও উদ্বেগ দেখা দিয়েছে। এতে একাধিক হাওরে বোরো ধান তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২ মে) ভোর থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদী-এর পানি বৃদ্ধি পেয়ে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের মতে, জামে মসজিদ সংলগ্ন কালভার্ট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধ প্রথমে উপচে পড়ে, পরে দ্রুত ভেঙে গিয়ে হাওরে পানি ঢুকে পড়ে। ফলে মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ ধানক্ষেত প্লাবিত হয় এবং মাঠে থাকা কৃষকরা বিপর্যয়ের মুখে পড়েন। অনেকেই ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েন বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়, বোয়ালা হাওরে মোট ৫৭৪ হেক্টর বোরো ধানের মধ্যে অধিকাংশ ইতোমধ্যে কাটা শেষ হলেও অন্তত ৮৪ হেক্টর ধান পানিতে তলিয়ে গেছে। তবে স্থানীয় কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, আকস্মিক পানির চাপ ও বাঁধের দুর্বল অংশে ভাঙনের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে প্রশাসন ও স্থানীয়রা উপস্থিত থাকলেও পানির প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে ভাঙন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। অন্যদিকে, কৃষকদের অভিযোগ—নির্মাণ ত্রুটি ও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বারবার হাওর রক্ষা বাঁধ বিপর্যয়ের মুখে পড়ছে, যা ফসল নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলছে।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালী এলাকায় এক অসহায় বিধবার জমি দখলকে কেন্দ্র করে ঘর ভাঙচুরের চেষ্টা ও দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ ও ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মনিরুল ইসলামের মেয়ে আয়েশা বেগম পৈত্রিক ও দলিলসূত্রে প্রাপ্ত প্রায় ৭১ শতাংশ জমির বৈধ মালিক হিসেবে দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী চক্র ওই জমির প্রতি লোলুপ দৃষ্টি দিয়ে তা দখলের উদ্দেশ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে। এ চক্রের সদস্যরা নানা সময়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং প্রভাব খাটিয়ে জমি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে বলে দাবি করেছেন ভুক্তভোগী। সমাধানের আশায় আয়েশা বেগম একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হলেও কোনো কার্যকর সমাধান পাননি বলে জানান। সর্বশেষ গত ২৭ এপ্রিল তিনি পরিবারসহ বসবাসের জন্য জমির ওপর একটি টিনের ঘর নির্মাণ করেন। এরপর থেকেই অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েক দফা ওই ঘর ভাঙচুরের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আয়েশা বেগম ও তার ছেলে সোহাগ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলেও জানা গেছে। আরও অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা আয়েশা বেগমের পুরোনো বাড়ির একটি কক্ষ তালা, টিন ও কাঠ দিয়ে আটকে দিয়ে তাদের কার্যত অবরুদ্ধ করে রাখে। ফলে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে ভুক্তভোগী আয়েশা বেগম ও এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।