ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন শিক্ষক ভোট দেন।
ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পান ১৩২ ভোট এবং আব্দুল জব্বার পান ৯০ ভোট।
সাধারণ সম্পাদক পদে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পান ১৮৪ ভোট।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক ও নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি ফেরদৌস আলম মানিক বলেন, শিক্ষকদের অধিকার ও কল্যাণে কাজ করা হবে।
নীলফামারীর সৈয়দপুরে ঝুঁকিপূর্ণ স্যানিটেশন শ্রম নিয়ে একটি স্টোরি টেলিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) শহরের উপকণ্ঠে বেসরকারি উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়। “বাংলাদেশে ঝুঁকিপূর্ণ স্যানিটেশন শ্রম : হাতে মানববর্জ্য অপসারণ পেশার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব)। এতে আর্থিক সহযোগিতা দেয় যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ড. শেলী কাউড। কর্মশালা পরিচালনা করেন রিইব’র উপপরিচালক রুহি নাজ এবং সহযোগিতা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান। দিনব্যাপী এ ওয়ার্কশপে নীলফামারী, ডোমার ও রংপুরের হরিজন সম্প্রদায়ের যুবক, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ ৪৯ জন অংশ নেন। এ সময় রিইব’র ডকুমেন্টেশন অফিসার মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগানে শনিবার (২ মে) বিকেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন ভার্চুয়ালি ঘোষণা করেন তারেক রহমান। এ সময় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিচ্ছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই কর্মসূচি চালু করেন এবং এর ধারাবাহিকতায় দেশে বহু প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে। খেলাধুলার মাধ্যমে মাদক ও কুসংস্কার দূর করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড় ও কোচরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে কাবাডি ও ফুটবল ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা আগামী ৬ মে পর্যন্ত ফরিদপুর স্টেডিয়ামে চলবে।
নীলফামারীতে টানা আগাম বৃষ্টিপাত ও বৈশাখী ঝড়ে হেলে পড়া ভুট্টা, নিচু এলাকার বোরো ধান, পাট ও সবজি পচে নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন প্রান্তিক কৃষকরা। বিশেষ করে পরিপক্ক ভুট্টা ও পানিতে তলিয়ে থাকা বোরো ধান দ্রুত ক্ষতির মুখে পড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর জানান, শনিবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মাঝারি ধরনের বৃষ্টি। আগামী ৫ মে পর্যন্ত এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কৃষকদের মতে, গত কয়েক সপ্তাহের বৈশাখী ঝড়ে ভুট্টা ক্ষেত ব্যাপকভাবে হেলে পড়েছে। বৃষ্টির কারণে সময়মতো ফসল সংগ্রহ করা যাচ্ছে না, ফলে ভুট্টা পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ভুট্টা চাষি লুৎফর রহমান বলেন, “মাত্র দুই দিন সূর্যের আলো পেলে ফসল তুলতে পারতাম। কিন্তু টানা বৃষ্টিতে ভুট্টা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।” এদিকে জেলার বিভিন্ন মরা নদী—বুড়ি তিস্তা, ধুম, বামনডাঙ্গা, দেওনাই, খড়খড়িয়া ও ধাইজান নদীতে আগাম বোরো ধান চাষ করলেও বৃষ্টির কারণে পানি বেড়ে ফসল নষ্ট হচ্ছে। নিচু জমির আধাপাকা বোরো ধানও প্রায় দুই সপ্তাহ ধরে পানিতে তলিয়ে রয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ভারতের মেঘালয় ও স্থানীয় বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বেড়েছে, তবে তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১.৪১ সেন্টিমিটার, যা বিপদসীমার ৭৪ সেন্টিমিটার নিচে। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুর রহমান বলেন, জেলায় গড়ে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জে বৃষ্টির মাত্রা বেশি। তিনি জানান, প্রাথমিকভাবে বোরো ১২ হেক্টর, ভুট্টা ১৭ হেক্টর, পাট ৫ হেক্টর ও সবজি ১০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, আগামী কয়েক দিন ভারী বৃষ্টি না হলে ভুট্টার বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে।