শিরোনাম
রায়পুরায় ভি-ড্যাবের পল্লী চিকিৎসকদের মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
রায়পুরায় ভি-ড্যাবের পল্লী চিকিৎসকদের মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন (ভি-ড্যাব) রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে পল্লী চিকিৎসকদের মানোন্নয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৮টায় রায়পুরা অডিটোরিয়াম হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

ভি-ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি আহসান উদ্দিন আহমেদ ফারুকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম, রায়পুরা উপজেলা শাখার সভাপতি মো. রাসেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া ও অর্থ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম মোগল প্রমুখ।

কর্মশালায় পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সেবা, রোগ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

হত্যার ১২ দিন পরও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে রাস্তায় পরিবার
হত্যার ১২ দিন পরও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে রাস্তায় পরিবার

নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সি হত্যাকাণ্ডের ১২ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের হাঁটুভাঙা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহত ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সির স্ত্রী লিজা আক্তার বলেন, “যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের চেহারা একবার দেখতে চাই। একজন নিরীহ মানুষকে দোকানের ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমার চার মেয়েকে এতিম করে দিয়েছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে ধরতে পারেনি। আমি দ্রুত বিচার চাই।”

নিহতের বড় মেয়ে বর্ষা আক্তার বলেন, “আমার বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। যারা আমাদের বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ সময় বক্তব্য দেন নিহতের ভাই মোস্তফা মিয়া, স্থানীয় ব্যবসায়ী কালা মিয়া, পলাশ সরকার, তোফাজ্জাল হোসেন মেম্বার, রাজিব আহমেদসহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

জানা গেছে, গত ২৩ মে রাতে রায়পুরা উপজেলার হাঁটুভাঙা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা রফিকুল ইসলাম মুন্সিকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর তাঁর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত রফিকুল ইসলাম মুন্সি হাঁটুভাঙা এলাকার মৃত শাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টাইলস ও নির্মাণসামগ্রীর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও পিবিআই তদন্তে যুক্ত রয়েছে। আমরা আশাবাদী, শিগগিরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।”

রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন
রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউরনগর (সাবেক রামনগর) এলাকায় নির্মিত এ ম্যুরালটির উদ্বোধন করেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।
জানা যায়, ২০১৬ সালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মতিউরনগর (সাবেক রামনগর) আঞ্চলিক সড়কের সম্মুখে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাসড়কের ডান পাশে সড়ক ও জনপদ (সওজ) এর ভূমিতে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর স্থাপনাটি অপসারণ করা হয়। এরপর এটির ক্ষতিপূরণের অর্থ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এক্সাভেটর দিয়ে ম্যুরালটি অপসারণের একটি ভিডিও তখনকার সময় নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশেই আরও বড় পরিসরে আধুনিক ও নান্দনিক ডিজাইনে ‘বাংলার ঈগল’ নামে নতুন ম্যুরালটি নির্মাণ করা হয়। 
ভাস্কর্যটির ব্যাপারে শিল্পী অলি মাহমুদ জানায়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ বাংলার ঈগলে ত্রিমুখী কালো ফ্রেমের ফলকের একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, আরেকটিতে জীবনবৃত্তান্ত। অন্যটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে। মাঝে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। উপরের ঝুলন্ত কলামে বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের প্রবেশ নির্দেশক ও অন্যটিতে ভাস্কর্যটির নাম বাংলার ঈগল প্রতিস্থাপন করা হয়েছে। সর্ব উপরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনতাই করা টি-৩৩ যুদ্ধ বিমানের হুবহু মডেল তুলে ধরা হয়েছে।