শিরোনাম
গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার
গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

দীর্ঘ চিকিৎসা শেষে ভারতের চেন্নাইয়ে মৃত্যুবরণ করা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীতে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে শ্রদ্ধা নিবেদন এবং একাধিক জানাজা শেষে রোববার রাতে মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে ও ব্যক্তিগত পরিবেশে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।  

জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা ও ঘনিষ্ঠজনেরা অংশ নেন। এ সময় পরিবারের পক্ষ থেকে ছবি ও ভিডিও ধারণে নিরুৎসাহিত করা হয় এবং পুরো আয়োজনকে ব্যক্তিগত রাখার অনুরোধ জানানো হয়।

কারিনা ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হিামিদের কন্যা। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভোগার পর গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।