শিরোনাম
রংপুরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিদের সড়ক অবরোধ
রংপুরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিদের সড়ক অবরোধ

হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।

বুধবার (১৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর মর্ডান মোড় এলাকার তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ জানান। এতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

পরে পুলিশের হস্তক্ষেপে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের আশ্বাস পেলে কর্মসূচি স্থগিত করা হয়।

আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করেন, হিমাগার অ্যাসোসিয়েশন প্রতি ৬০ কেজি বস্তার জন্য ৪৩০ টাকা ভাড়া নির্ধারণ করায় উৎপাদন খরচ বেড়ে গেছে, কিন্তু বাজারে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, “ভাড়া সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাব।”

অন্যদিকে বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, সরকার নির্ধারিত সীমার মধ্যেই সংরক্ষণ ভাড়া নেওয়া হচ্ছে এবং বিদ্যুৎসহ ব্যয় বৃদ্ধির কারণে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।