শিরোনাম
ঘরের মাটির নিচে মিলল মায়ের লাশ, পলাতক ছেলে
ঘরের মাটির নিচে মিলল মায়ের লাশ, পলাতক ছেলে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধা মাকে হত্যার পর ঘরের মেঝের নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

বুধবার (৪ জুন) রাত ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ থানা পুলিশ অভিযুক্তের শোয়ার ঘরের মাটি খুঁড়ে বৃদ্ধা মারুফা বেগমের (৬০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আশরাফের ছেলে মো. জুয়েল (৩৫), পেশায় ভ্যানচালক, কয়েকদিন আগে তার মাকে হত্যা করে নিজ ঘরের মেঝের নিচে পুঁতে রাখেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের ছোট ছেলে লাবিন (৩০), যিনি একটি গার্মেন্টসে কর্মরত, ঈদ উপলক্ষে বাড়িতে এসে মায়ের কোনো খোঁজ না পেয়ে সন্দেহ করেন। তিনি ঘরের মেঝেতে অস্বাভাবিক ফাটল এবং বিছানায় রক্তের দাগ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে রাতেই ঘরের মাটি খুঁড়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল, তার স্ত্রী এবং সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে।